দেবশ্রী সিনহা: লাল বেনারসি পরে বিয়ের পিঁড়িতে বসলেন পাঞ্জাবি কন্যা৷ আর তাঁর পাশে বাবুল বসলেন সাদা ধবধবে পাঞ্জাবি পরে৷ কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র মা সন্ধে বেলাতেই জানিয়ে দিয়েছিলেন, বিয়েটা হবে এক্কেবারে বাঙালি মতেই৷ রাত একটায় লগ্ন৷ তার আগে অবশ্য জমকালো লেহঙ্গায় সেজেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশীর্বাদ নিয়েছেন নববধূ রচনা শর্মা৷

রচনা পরেছিলেন গাঢ় গোলাপি এবং ঘন নীল রঙে মেশানো লেহঙ্গা ও চোলি৷ ছিল কুন্দন সেটের জুয়েলারি৷ পাশে বাবুল দাঁড়িয়েছিলেন ছাই-সাদা রঙের শেরওয়ানি ও গাঢ় বাদামি রঙের চোস্তা পরে৷ রাতে ছিল বিয়ের লগ্ন৷ তাই রিসেপশন পার্টির আয়োজন ছিল সন্ধে বেলায়৷

নিভু নিভু আলো আর ফুলের সাজে সেজে উঠেছিল দিল্লির পাঁচতারা অশোকা হোটেলের কনভেনশন হল৷ রাত আটটা নাগাদ হঠাৎই ঝলমলিয়ে উঠল চারপাশ৷ হবু স্ত্রী রচনাকে নিয়ে তখনই মঞ্চে উঠলেন বাবুল সুপ্রিয়৷ একে একে মঞ্চে হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজনাথ সিং, লালকৃষ্ণ আদবানি, মনোহর পারিক্কর, রবিশঙ্কর প্রসাদ সহ বিজেপির শীর্ষ নেতারা৷

বাবুলকে আশীর্বাদ করে তাঁরা মঞ্চ থেকে নামতেই হাজির হলেন বাংলার তৃণমূলের নেতা-নেত্রীরাও৷ সৌগত রায়, শতাব্দী রায়, ডেরেক ও’ব্রায়েন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল বাবুলের হাত ধরে অভিনন্দন জানাতে৷ ছিলেন বাংলা বিজেপির রাহুল সিংহ, লকেট চট্টোপাধ্যায়, রুপা গঙ্গোপাধ্যায়, রীতেশ তেওয়ারি, শমীক ভট্টাচার্য৷ অভিনন্দন জানাতে এসেছিলেন কংগ্রেসের মৌসম বেনজির নূর, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়৷

বলিউডের তরফে দেখা গেল অনু মালিক, অভিজিৎ, শানকে৷ এদিকে বাবুলের বিয়ের আসরে সাহারাশ্রী সুব্রত রায়কে দেখে বেশ হইচই পড়ে যায় আমন্ত্রিতদের মধ্যে৷ বিয়ের আগে মঞ্চে উঠে গান গেয়েছেন অভিজিৎ, শান ও মনোজ তেওয়ারি৷ আসানসোলের সাংসদের বিয়ের মেনুতে মূলত গুরুত্ব পেয়েছে দেশেরই নানা পদ৷ পালক কোফতা, পনির রেহানা, মাটন বিরিয়ানি, চিকেন, মাছের পদ ছাড়াও আমিষ ও নিরামিষ নানারকমের সুস্বাদু খাবারদাবার৷ তবে চাইনিজকে একেবারে বাদ দেওয়া হয়নি৷ ন্যুডলসের নানারকমের পাশাপাশি মেনুতে ছিল থাই ভেজ কারিও৷ ছিল চাট, স্যালাড, আইসক্রিম, জিলিপি, কুলফি৷

সর্বশেষ খবর
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের
-
নিজেই নিজেকে গুনবেন! রাজ্যে স্ব-গণনায় বিশেষ পোর্টাল খুলে বড় পদক্ষেপ কেন্দ্রের
-
বাম আমলে ‘খুন’, প্রতিজ্ঞা পূরণ করে ৩৪ বছর পর বিজেপিকর্মী বাবার শ্রাদ্ধানুষ্ঠান করলেন ছেলেরা
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারে অভিযান শুরু অধিনায়ক শ্রেয়সের, বৈভবকে না খেলিয়েই ভুগল ভারত!