সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের মুখে উত্তরপ্রদেশে রামায়ণ সংগ্রহশালা তৈরির কথা ঘোষণা করল মোদি সরকার৷ ‘রাম জন্মভূমি’ অযোধ্যায় ইতিমধ্যেই এই সংগ্রহশালাটির জন্য ২৫ একর জমি পছন্দ করা হয়ে গিয়েছে৷ যে রামকোটে বাবরি মসজিদ ও রাম জন্মভূমি নিয়ে বিতর্ক রয়েছে, এলাকাটি সেখান থেকে ১৫ কিলোমিটার দূরে৷ জমিটি প্রাথমিকভাবে সংগ্রহশালার জন্য বেছে নেওয়া হলেও এব্যাপারে মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী মহেশ শর্মা৷ তিনি নিজে এসে এলাকাটি ঘুরে এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন৷ রামায়ণ নিয়ে কেন্দ্রের সংগ্রহশালা তৈরির এই পরিকল্পনা রামায়ণ সার্কিটের অন্তর্ভুক্ত হবে বলে জানিয়েছে কেন্দ্র৷
কী থাকছে এই সংগ্রহশালায়? জানা গিয়েছে, রামায়ণে বর্ণিত রামের জন্ম থেকে শুরু করে তাঁর জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা বিশদে দেখানো হবে এই সংগ্রহশালায়৷ মডেল, ছবি, লাইট অ্যান্ড সাউন্ড, থ্রিডি ছাড়াও নানা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হতে পারে৷ তবে পুরো বিষয়টিই এখন পরিকল্পনার স্তরে৷
কেন্দ্রে তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রামায়ণ সার্কিট উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠক করবেন শর্মা৷ রাজ্যের ধর্মীয় নেতাদের সঙ্গেও এ ব্যাপারে আলোচনা করবেন তিনি৷ একইসঙ্গে নেপাল এবং শ্রীলঙ্কার রামায়ণ বিষয়ক দেখার জায়গাগুলি যাতে সরাসরি অযোধ্যার সঙ্গে যুক্ত করা যায় সেব্যাপারেও কথা বলবেন শর্মা৷ অযোধ্যায় বা চিত্রকূট জেলায় আন্তর্জাতিক রামায়ণ কনক্লেভ আয়োজনের পরিকল্পনাও রয়েছে শর্মার৷ যেখানে অন্তত ১২টি দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন৷ তবে সে ব্যাপারে এখনই আলোচনা হচ্ছে না৷
কেন্দ্রে এই ঘোষণার সঙ্গে সঙ্গেই অবশ্য সমালোচনাও শুরু হয়েগিয়েছে৷ ওয়াকিবহাল মহলের মতে নির্বাচনের মুখে উত্তরপ্রদেশে এমন একটি ঘোষণা করে আদতে ভোটের রাজনীতি করছে বিজেপি৷ যদিও কেন্দ্রে তরফে জানিয়ে দেওয়া হয়েছে এর সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক নেই৷ বহুদিন ধরেই এ নিয়ে পরিকল্পনা চলছিল৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১