West Bengal Assembly Election

‘ছোট আঙারিয়া’র গণহত্যায় অভিযুক্ত তপন ঘোষকে গড়বেতায় প্রার্থী করল সিপিএম, তুঙ্গে বিতর্ক

গত ২০২১ সালের বিধানসভা ভোটেও এই তপন ঘোষকেই প্রার্থী করেছিল দল। সেবার তিনি মোট ২২,৯১২ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন। দলের কর্মীদের একাংশেরও ধারণা ছিল এবার নতুন কোনও মুখ আনা হবে। কিন্তু তা হয়নি।

Advertisement
সংবাদ প্রতিদিন ব্যুরো
সংবাদ প্রতিদিন ব্যুরো

শেষ আপডেট: মার্চ ২৪, ২০২৬, ১৩:৩৩

options
link
‘ছোট আঙারিয়া’র গণহত্যায় অভিযুক্ত তপন ঘোষকে গড়বেতায় প্রার্থী করল সিপিএম, তুঙ্গে বিতর্ক

গণহত্যার অভিযোগে অভিযুক্ত তপন ঘোষকে ফের প্রার্থী করল সিপিএম। ছোট আঙারিয়া গণহত্যা কাণ্ডে অভিযুক্ত বিতর্কিত তপন ঘোষকে গড়বেতা আসনে প্রার্থী করল সিপিএম। পশ্চিম মেদিনীপুরের সুশান্ত ঘোষের পুরনো আসন গড়বেতায় তপনের উপর আলিমুদ্দিন ভরসা করায় ফের নতুন বিতর্ক সামনে এসেছে।

Advertisement

তৃতীয় দফায় সোমবার রাজ্যের আরও ১৫টি বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। গত ২০২১ সালের বিধানসভা ভোটেও (West Bengal Assembly Election) এই তপন ঘোষকেই প্রার্থী করেছিল দল। সেবার তিনি মোট ২২,৯১২ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন। দলের কর্মীদের একাংশেরও ধারণা ছিল এবার নতুন কোনও মুখ আনা হবে। কিন্তু তা হয়নি। প্রার্থী ঘোষণা হওয়ার পর এদিন সন্ধ্যা থেকেই প্রচারে নেমে পড়েন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

একদা গড়বেতার ‘দোর্দণ্ডপ্রতাপ’ এই সিপিএম নেতাকে তাঁর পুরনো দুর্গে প্রার্থী করাকে ঘিরে রাজ্য রাজনীতিতে উঠে এসেছে পঁচিশ বছর আগের সেই রক্তক্ষয়ী ‘ছোট আঙারিয়া’র স্মৃতি। ছোট আঙারিয়া গণহত্যার অন্যতম অভিযুক্ত তপন ঘোষ সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সদস্যও। সিপিএমের মন্ত্রী সুশান্ত ঘোষের সহকারী ছিলেন তিনি ও সুকুর আলি। এ বার তপনের উপরে ভর করেই গড়বেতার হারানো জমি ফেরানোর চেষ্টায় নামল সিপিএম।তবে সেই কাজ যে কার্যত অসম্ভব, তা মনে করছে রাজনৈতিক মহল।

Advertisement

তপন ও সুকুরের বিরুদ্ধে ছোট আঙারিয়া হত্যাকাণ্ড এবং নন্দীগ্রামে খুন-অপহরণে জড়িত থাকার অভিযোগ রয়েছে। নন্দীগ্রাম অপারেশনেও দলের হার্মাদদের নিয়ে নামার অভিযোগ উঠেছিল তপন ঘোষ ও সুকুর আলির বিরুদ্ধে। সিপিএমের নন্দীগ্রাম ‘পুনর্দখল’ পর্বে ২০০৭ সালের ১০ নভেম্বর গোকুলনগরে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সমর্থকদের মিছিলে হামলার পরে আহতদের গাড়িতে চাপিয়ে অপহরণের অভিযোগ রয়েছে তপন-সুকুরদের বিরুদ্ধে।ছোট আঙারিয়া মামলাতেও জেল খেটেছেন তাঁরা। ২০১১ সালে রাজ্যে পালাবদলের পরে সুকুর প্রত্যক্ষ রাজনীতি থেকে দূরে সরে গিয়েছেন। কিন্তু তপন ঘোষ সক্রিয় ভাবে সিপিএমের সঙ্গে যুক্ত রয়েছেন।

অপরদিকে এ দিন চন্দ্রকোনা আসনেও প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। তফসিলি জাতির জন্য সংরক্ষিত ওই আসনে প্রার্থী করা হয়েছে নতুন মুখ সুপর্ণা দোলুইকে। বাম শরিকদের সঙ্গে যে সব আসনে সিপিএমের বোঝাপড়া সম্পূর্ণ হয়েছে, তার ভিত্তিতেই তৃতীয় তালিকা প্রকাশ করা হয়েছে। আলিপুরদুয়ার আসনে এবার আরএসপি-র বদলে লড়ছে সিপিএম। মাঝে ওই আসন কংগ্রেসকে ছেড়েছিল বামেরা। কোচবিহারের সিতাই ও কলকাতার শ্যামপুকুর ছাড়া হয়েছে ফরওয়ার্ড ব্লককে। এন্টালিতে প্রার্থী হয়েছেন কলকাতা জেলা সিপিএমের পরিচিত নেতা আব্দুর রউফ। বামফ্রন্টের প্রথম দফার তালিকায় ১৯২টি, দ্বিতীয় দফায় ৩২টি ও তৃতীয় দফায় ১৫টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.