ভোট আসে, ভোট যায়। ভুল আর ভুলের পর্যালোচনার কথাই ঘুরে ফিরে আসে বাম নেতাদের মুখে। একসময় দাপটের সঙ্গে শাসন করা দল আজ শূন্য থেকে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছে। ৩৪ বছর ধরে রাজ্য শাসন করা বামেরা আজ বিধানসভাতেই অস্তিত্বহীন। কোন অঙ্কে বারবার হেরে যেতে হচ্ছে, সেই হিসেব কষে চলেছেন বাম নেতারা। এই পরিস্থিতিতে এবার কার্যত বামের ভোট বিজেপিতে যাওয়ার কথা স্বীকার করে নিলেন বর্ষীয়ান বাম নেতা অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya)। তাও আবার প্রকাশ্য সভা থেকে।
আরও পড়ুন:
রাজ্যের বাম সমর্থকদের মধ্যে ভোট ভাগাভাগি নিয়ে আলোচনায় উঠে এসেছে। বাম ভোট যে বিজেপিতে চলে যাচ্ছে, তা নিয়েও রাজ্য-রাজনীতিতে একাধিকবার চর্চা হয়েছে। কিন্তু এবার খোদ অশোক ভট্টাচার্যের মুখে শোনা গেল সেই কথাই! নেতা হিসেবে অশোক ভট্টাচার্যের জনপ্রিয়তার কথা অনেকেই জানেন। এমনকী ভরা তৃণমূল জমানাতেও জিতে মেয়র হয়েছিলেন তিনি। সেই অশোকই আজ মহম্মদ সেলিমের পাশে দাঁড়িয়ে বলে উঠলেন, “গত তিনটি নির্বাচনে বামপন্থীরা বিজেপিকে ভোট দিয়েছেন।”
এদিন শিলিগুড়িতে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সভা ছিল। সেখানেই উপস্থিত ছিলেন অশোক ভট্টাচার্য। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, “এবার বামপন্থীদের ঐক্যবদ্ধ করতে হবে। দুঃখের সঙ্গে জানাচ্ছি, বামপন্থীরা গত তিন তিনটে নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারানোর নাম করে বিজেপিকে ভোট দিয়েছে। কোনওভাবে এই ভুলটা করবেন না কখনও।” মঞ্চে তখন সেলিমের চোখেমুখে কিছুটা অস্বস্তি।
সেই ২০১১-তে ক্ষমতাচ্যুত হয়েছে বামেরা। তারপর দুটো বিধানসভা নির্বাচন ও তিনটি লোকসভা নির্বাচন হয়েছে রাজ্যে। এছাড়া পঞ্চায়েত, পুরসভা ভোট তো আছেই। কোনওটাতেই আশার আলো দেখতে পায়নি বামেরা। এই অবস্থায় ২১ এর নির্বাচনে আইএসএফ-এর সঙ্গে জোট করে কোনও ক্রমে একটা বিধায়ক পেয়েছিল বাম জোট। কিন্তু বামেদের ভোট তলানিতে গিয়ে ঠেকে। তাই এবার অর্থাৎ ২০২৬ এর ভোট বামেদের কাছে প্রেস্টিজ ফাইট। তৃতীয় দল হয়ে আর কতদিন চলতে হবে, সেই প্রশ্নই যখন আলিমুদ্দিনের অলিন্দে উঠতে শুরু করেছে, সেখানে বর্ষীয়ান বামনেতার এহেন বক্তব্য ঘিরে রীতিমতো রীতিমতো শোরগোল রাজ্য রাজনীতিতে।
সর্বশেষ খবর
-
নওশাদের দল ‘স্বৈরাচারী’, আইএসএফ ছাড়লেন আরাবুল
-
ফের বিয়ের পরিকল্পনা গোবিন্দার, বিচ্ছেদ মামলা প্রত্যাহারের কারণ বাতলে বিস্ফোরক সুনীতা
-
ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়! শীতলকুচিতে গ্রেপ্তার বিজেপি নেতা
-
আবহাওয়াই ভিলেন! দিল্লিতে বিপজ্জনক হারে বাড়ছে শ্বাসযন্ত্রের সংক্রমণ, সোয়াইন ফ্লুতে আক্রান্ত ১,৩৪৯
-
আজও প্রাসঙ্গিক, গান্ধীর লেখা পাণ্ডুলিপি নিলামে বিক্রি হল রেকর্ড দামে