ভোটের মুখে বঙ্গে বারবার ইডি তল্লাশি নিয়ে রাজনৈতিক মহলে জোর চাপানউতোর। তারই মাঝে এবার তৃণমূলের ভোটকৌশলী সংস্থা আইপ্যাক এই রাজ্যে কাজ বন্ধ করছে বলেই খবর। যদিও এই খবর সম্পূর্ণ সারবত্তাহীন বলেই দাবি শাসক শিবিরের। রবিবার তারকেশ্বরের সভা থেকে আইপ্যাক ইস্যুতে রণংদেহী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর আশ্বাস, প্রয়োজন হলে আইপ্যাকের সঙ্গে যুক্ত যুবক-যুবতীদের চাকরির বন্দোবস্ত করা হবে।
আরও পড়ুন:
মমতার তোপ, “আমাদের এজেন্সিগুলোকে বলছ যারা আমাদের পার্টির কাজ করে বাংলা ছেড়ে চলে যাও। কেন? তোমাদের তো ৫০টা আছে। আমাদের ক্ষমতা নেই একটা আছে। শুনুন, ওদের ভয় দেখালে ওরা আমাদের দলে যোগ দেবে। আমরা ওদের চাকরি দেব। একটি ছেলেকও চাকরিহারা করব না। সকালে অভিষেকের সঙ্গে কথা বলে এসেছি।”
আইপ্যাক প্রসঙ্গে এদিন মমতা বলেন, “আমাদের রোজ ইডি রেড করছে। ভোটের সময় কেন ভাই? এখন মনে পড়ল? আমাদের এজেন্সিগুলোকে বলছ যারা আমাদের পার্টির কাজ করে বাংলা ছেড়ে চলে যাও। কেন? তোমাদের তো ৫০টা আছে। আমাদের ক্ষমতা নেই একটা আছে। শুনুন, ওদের ভয় দেখালে ওরা আমাদের দলে যোগ দেবে। আমরা ওদের চাকরি দেব। একটি ছেলেকও চাকরিহারা করব না। সকালে অভিষেকের সঙ্গে কথা বলে এসেছি।”
বলে রাখা ভালো, গত শুক্রবার সকালে হেভিওয়েট প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে তল্লাশি করে ইডি। সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নের এক প্রস্তাবক-সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সে প্রসঙ্গে রবিবারের সভা থেকে আরও একবার ক্ষোভপ্রকাশ করেন তৃণমূলনেত্রী। তিনি বলেন, “আমার যে ইনকাম ট্যাক্স করে তার বাড়ি রেড করেছে। আমাদের প্রার্থী দেবাশিস কুমারকে ১৬ ঘণ্টা আটকে রেখেছে। প্রচার করতে দেওয়া হয়নি। প্রত্যেকটা কেস হবে। ছেড়ে কথা বলার লোক আমরা নই, মনে রাখুন। আমার যে নিরাপত্তার দায়িত্বে তার বাড়িতেও রেড হয়েছে। আমাকে কি খুন করতে চান? হত্যা করতে চান? খুন করে বাংলা পেতে পারেন কিনা, চেষ্টা করুন না।”
এরপরই সিপিএমকে দুষে তিনি বলেন, “সিপিএমের আমলে অনেকবার চেষ্টা করা হয়েছে। সে-ই সিপিএম তো আপনাদের দোসর। পচা সিপিএমগুলোর বুদ্ধিতে কাজ করছেন এখন।” নাম না করে শুভেন্দু অধিকারীকে ‘গদ্দার’ তোপ মমতার। তাঁর প্রশ্ন, “তৃণমূল নেতাদের বাড়ি রেড হবে। বিজেপির বাড়ি রেড হবে না কেন? গদ্দারের বাড়ি রেড হবে না কেন? তার ভাইয়ের বাড়ি রেড হবে না কেন? বাবার বাড়ি রেড হবে না কেন?” উল্লেখ্য, এর আগে গত জানুয়ারি মাসে আইপ্যাকের সল্টলেকের অফিস এবং কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশি অভিযান চালায়। সেবার সটান সেখানে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। আইপ্যাকের অফিস থেকে বেশ কয়েকটি ফাইল নিয়ে বেরিয়ে আসতেও দেখা যায় তাঁকে। তা নিয়েও চাপানউতোর কম হয়নি।

আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দমদম বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ে আগুন, স্বাধীনতা দিবসের আলোকসজ্জা থেকে বড় বিপদ
-
জেন জি’র পাশে দাঁড়িয়ে বিরাট উদ্যোগ, গান্ধীজয়ন্তীতে শুরু মোদি সরকারের নতুন প্রকল্প!
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের