WB Assembly Election 2026

ভোটের বাজারে আবিরের স্টক রেডি, চাহিদার টক্করে এগিয়ে সবুজ না গেরুয়া?

জেলা থেকে শহরে, বাজার ছেয়ে গিয়েছে আবিরে। কিন্তু কোন রঙের চাহিদা বেশি? ভোটগণনার আগে কী বলছেন ব্যবসায়ীরা?

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ১৯:২৩

options
link
ভোটের বাজারে আবিরের স্টক রেডি, চাহিদার টক্করে এগিয়ে সবুজ না গেরুয়া?
ভোটের বাজারে আবিরের চাহিদা তুঙ্গে।

বাংলার মসনদ কার দখলে? রাত পোহালেই জানা যাবে জনতার রায়। কাউন্টডাউন চলছে। চলছে প্রস্তুতিও। এদিকে যেমন ভোট (WB Assembly Election 2026) গণনা নিয়ে প্রস্তুতিতে ব্যস্ত রাজনৈতিক দলগুলি। অন্যদিকে তেমন সেলিব্রেশনের জন্য আগাম প্রস্তুত আবির ব্যবসায়ীরাও। জেলা থেকে শহরে, বাজার ছেয়ে গিয়েছে আবিরে। কিন্তু কোন রঙের চাহিদা বেশি? ভোটগণনার আগে কী বলছেন ব্যবসায়ীরা?

Advertisement

ঠিক যেন অকাল হোলির আমেজ। দোকানে দোকানে মজুত হয়েছে বস্তা বস্তা আবির। ব্যবসায়ীরা বলছেন, হোলিতেও এত চাহিদা থাকে না, ভোটের সময় যেভাবে আবির বিক্রি হয়। তাই ৪ মে-র আগে কার্যত আবিরে ঢেকে গিয়েছে দোকানগুলি। আবির প্রস্তুতকারক সংস্থাগুলিও নাকি আবিরের বরাত নিতে শুরু করে দিয়েছিল প্রায় মাসখানেক আগে থেকেই। 

Advertisement

কোচবিহারের এক ব্যবসায়ী বলছেন, “সব রঙের আবিরই মজুত আছে দোকানে। তবে সবুজ আর কমলা রঙের আবিরটাই বেশি বিক্রি হয়েছে এখনও পর্যন্ত। তবে কোন আবিরের চাহিদা বেশি হবে, তা তো বোঝা যাবে ৪ তারিখেই।” নদিয়ার এক আবির ব্যবসায়ীর কথায়, “সবুজ, গেরুয়া দুটো রঙের আবিরই তুলেছি। সবুজের সঙ্গে এবার গেরুয়া রঙের চাহিদাও আকাশছোঁয়া। আবিরের চাহিদা এতটাই বেড়ে গেছে যে ১০ কেজির বস্তায় ১০০ টাকা দাম বেড়ে গেছে। গেরুয়া আবিরের দাম ৮০০ টাকা প্রতি বস্তায়। সবুজ আবিরের ১০ কেজির বস্তা বিক্রি হচ্ছে ৭০০ টাকায়। আবিরের চাহিদা এত বেড়ে গেছে যে কোম্পানি থেকে গেরুয়া আবির আর সাপ্লাই করতে পারছে না।” হটস্পট নন্দীগ্রামে কোন আবিরের চাহিদা বেশি? কোনও কোনও ব্যবসায়ীরা বলছেন, ‘গেরুয়া আবিরই বেশি বিকোচ্ছে।’ তবে সবুজ আবিরও বিক্রি হচ্ছে’ ব্যবসায়ীদের কথায় বোঝাই যাচ্ছে ভোটের বাজারে আবিরের চাহিদা মেটাতে কার্যত হিমশিম খাচ্ছেন তাঁরা।

Advertisement

তৃণমূলের এক নেতার দাবি, “৪ মে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। সেদিন আকাশে-বাতাসে সবুজ আবিরই উড়বে।” অন্যদিকে বিজেপির পালটা দাবি, “রাজ্যে এবার গেরুয়া ঝড় উঠতে চলেছে। সোমবার সকাল থেকে আকাশে শুধু গেরুয়া আবিরই উড়বে।”

রাত পোহালেই সেলিব্রেশন শুরু হবে। জনতার রায়ে কার মাথায় উঠবে জয়ের মুকুট? সেদিকে তাকিয়ে গোটা রাজ্য। কাদের মুখে শেষ হাসি ফুটবে, তা তো জানতে হলে এখনও স্নায়ুচাপা অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে। তবে ভোটের বাজার আবির ব্যবসায়ীদের মুখে যে হাসি ফুটিয়েছে। তা তো বলাই বাহুল্য।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.