সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিলিপাইন্সের একটি জেলের ভিতর গ্রেনেড বিস্ফোরণে মৃত দশ বন্দি৷ মৃতদের মধ্যে দুজন চিনা ড্রাগ মাফিয়া৷ বৃহস্পতিবার গভীর রাতে এই বিস্ফোরণটি ঘটে৷ মৃত বন্দিদের মধ্যে আটজন ড্রাগ পাচার চক্রের সঙ্গে জড়িত ছিল৷ দু’জন ডাকাতির মামলায় জেল খাটছিল৷
ব্যুরো অফ জেল ম্যানেজমেন্ট অ্যান্ড পেনোলজি-র মুখপাত্র ও সিনিয়র ইন্সপেক্টর জেভিয়ার সল্ডা জানিয়েছেন, প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে কয়েকজন বন্দি পালানোর ছক কষেছিল৷ বিস্ফোরণ ঘটিয়ে নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে পালানোর জন্যই গ্রেনেডগুলি জড়ো করে রাখা হয়েছিল বলে মনে করা হচ্ছে৷ বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন ম্যানিলা মেট্রোপলিটনের প্যারানাক সিটি জেলের ওয়ার্ডেন৷ তাঁর চিকিৎসা চলছে৷ সুস্থ হয়ে উঠলে তাঁর বয়ান থেকে এই বিস্ফোরণের কারণ স্পষ্টভাবে জানা যাবে বলে জানিয়েছেন জেভিয়ার৷
তিনি আরও জানিয়েছেন, বিস্ফোরণের কিছুক্ষণ আগেই বন্দিরা ওয়ার্ডেনের সঙ্গে দেখা করতে চেয়েছিল৷ বন্দিরা জানত, কয়েকদিনের মধ্যেই তাদের অন্য জেলে সরিয়ে নিয়ে যাওয়া হবে৷ স্থানীয় একটি ওয়েবসাইট ফিলিপাইন্সের এক পুলিশকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, জেলের মধ্যেই বন্দিরা একটি সাব মেশিনগান লুকিয়ে রেখেছিল৷ গ্রেনেড বিস্ফোরণের আগে জেলের ভিতর গুলিও চলেছে বলে দাবি করেছেন ওই কর্তা৷ কী করে বন্দিরা জেলের ভিতর আগ্নেয়াস্ত্র হাতে পেল, তদন্তে তা খতিয়ে দেখা হবে৷ এদিনের বিস্ফোরণের সুযোগে কোনও বন্দি পালিয়ে গিয়েছে কি না জানতে আশেপাশের এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
‘পূর্ব আকাশ’ টেলিগ্রাম চ্যানেলে ভিন রাজ্যে জাল বিস্তার জঙ্গিদের! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
-
উপত্যকায় বড় সাফল্য, সেনার গুলিতে খতম মোস্ট ওয়ান্টেড লস্কর জঙ্গি মুসা
-
মুম্বইয়ে দাউদাউ আগুন ট্রেনের প্যান্ট্রি কারে! দ্রুত ঘটনাস্থলে দমকল
-
সাতসকালে সোনালি লক্ষ্যভেদ, ইতিহাস গড়ে এশিয়াডে তিরন্দাজিতে সোনা ভারতের মেয়েদের
-
দীর্ঘদিন রেশনের পণ্য নেননি? এবার নিষ্ক্রিয় হবে দেড় কোটির বেশি কার্ড!