সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত আফগানিস্তান। মঙ্গলবার সন্ত্রাস জর্জরিত দেশটির হেরাত প্রদেশের একটি মসজিদে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। শিয়া সম্প্রদায়ের ওই ধর্মস্থানে হামলায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ২৯ জনের। আহত অন্তত ৬৩ জন। এখনও পর্যন্ত ওই হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গিগোষ্ঠী। তবে এই ঘটনার পিছনে ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে বলে মনে করছে আফগান নিরাপত্তাসংস্থা।
[জানেন ভারতের সঙ্গে যুদ্ধ বাধলে কেন নাস্তানাবুদ হবে চিন ?]
পুলিশ সূত্রে খবর, রাত প্রায় ৮টা নাগাদ ইরান সীমান্ত সংলগ্ন হেরাতের জাওয়াদ্যা মসজিদে হামলা চালায় জঙ্গিরা। জানা গিয়েছে, অতর্কিতে মসজিদে ঢুকে পড়ে এক আত্মঘাতী জঙ্গি। তারপরই প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। বোমার আঘাতে মুহূর্তের মধ্যে মৃত্যু হয় বেশ কয়েকজনের।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর চারিদিকে ছড়িয়ে পড়ে মানুষের ছিন্নভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ। আহতদের আর্তনাদে কানে তালা লেগে যায়। ঘটনার পর আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনেকের অবস্থা সংকটজনক থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। উল্লেখ্য, শিয়া সম্প্রদায়ের ধর্মীয়স্থলে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে আইএস। আফগানিস্তান থেকে শিয়া সম্প্রদায়কে মুছে ফেলার হুমকি দিয়েছে জঙ্গিসংগঠনটি। তবে এ ধরনের হামলা সমর্থন যোগ্য নয় বলে জানিয়েছে তালিবান। ইতিমধ্যে, এই হামলার তীব্র নিন্দা করেছে আফগান সরকার। প্রেসিডেন্ট আশরাফ ঘানি জানিয়েছেন, আফগানিস্তানে বিভেদ তৈরি করতে সক্ষম হবে না সন্ত্রাসবাদীরা।তাদের এই চক্রান্ত বিফল করে দেবে মানুষ।
[বাংলাদেশে গুলির লড়াই, খতম কুখ্যাত জঙ্গি]
ইরাক ও সিরিয়ায় প্রায় পরাজিত ইসলামিক স্টেট। কিন্তু সাপের বিষদাঁত এখনও পুরো ভাঙেনি। সম্প্রতি আফগানিস্তানে জাল ছড়াচ্ছে আইএস বলে জানা গিয়েছে। আরেক আন্তর্জাতিক জঙ্গিসংগঠন আল-কায়দা ও তালিবানের সঙ্গে একাধিকবার লড়াইও হয়েছে আইএসের।প্রসঙ্গত, সোমবার কাবুলে ইরাকি দূতাবাসে হামলা চালায় ইসলামিক স্টেট জঙ্গিরা। ওই ঘটনায় মৃত্যু হয় ২ জনের। আফগানিস্তানে প্রায় ৩০ লক্ষ শিয়াদের উপর সম্প্রতি বেড়ে গিয়েছে জঙ্গিহানা। জুন মাসে কাবুলে এমনই এক হামলায় মৃত্যু হয় চার জনের। ২০১৬ সালের জুলাই মাসে শিয়াদের উপর ভয়াবহ হামলা চালায় আইএস। ওই হামলায় প্রাণ হারান ৮৫জন নিরীহ মানুষ।
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?