প্রথমবারের জন্য তালিবানদের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসবে ভারত

আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নয়াদিল্লির উদ্যোগ৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৯, ২০১৮, ১৪:৩০

options
link
প্রথমবারের জন্য তালিবানদের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসবে ভারত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই প্রথমবার আফগান তালিবানদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে ভারত৷ বিদেশমন্ত্রক সূত্রে খবর, সরকারি তরফে নয়, একদমই বেসরকারি উদ্যোগেই মস্কোতে হতে চলেছে এই বৈঠক৷ ভারতের প্রতিনিধি হিসাবে সেখানে উপস্থিত থাকবেন কূটনীতিবিদ টিসিএ রাঘবন ও অমর সিং৷ এই বৈঠকের মূল উদ্দেশ্যই হল, যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা৷ এই শান্তি বৈঠকের আগেই মার্কিন অনুরোধে আফগান তালিবান নেতা মোল্লা আবদুল ঘানি বারাদরকে মুক্তি দিয়েছে পাকিস্তান৷ বৃহস্পতিবারই তাঁকে মুক্তি দেওয়া হয়েছে পাকিস্তানের জেল থেকে৷

Advertisement

জানা গিয়েছে, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠান লক্ষ্যেই বিভিন্ন রাষ্ট্রকে সঙ্গে নিয়ে বৈঠকে বসতে চলেছে রাশিয়া। ভারতের পাশাপাশি বৈঠকে ডাকা হয়েছে, আমেরিকা, চিন, ইরান, কাজাখস্তান, পাকিস্তান, উজবেকিস্তানকে৷ আমন্ত্রণ করা হয়েছে আফগান প্রশাসন ও তালিবানদের প্রতিনিধিদের৷ এই বৈঠকের বিষয়টি স্পষ্ট করেছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার৷ তিনি জানান, ভারত সর্বদাই নতুন আফগানিস্তান গঠনের পক্ষে সওয়াল করে আসছে৷ সেখানে শান্তি প্রতিষ্ঠা হোক ভারত সর্বদাই তা চেয়ে এসেছে। গত মাসেই ভারতে এসেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্রের খবর, তখনই এই শান্তি বৈঠকের ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন তিনি৷ যদিও বিদেশমন্ত্রকের এই পদক্ষেপের সমালোচনা করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা৷ কেন্দ্রের বিদেশনীতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি৷ টুইট করে জানতে চান, “আফগান ইস্যুতে তালিবানদের সঙ্গে বেসরকারি বৈঠক বসতে পারলে, কাশ্মীর ইস্যুতে বৈঠকে বসতে সরকারের এত আপত্তি কেন?”  

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এমত পরিস্থিতিতে আরও উল্লেখযোগ্য বিষয় হল, তালিবান নেতা মোল্লা আবদুল ঘানি বারাদরকে পাকিস্তানের মুক্তি দেওয়া৷ জানা গিয়েছে, এই শান্তি বৈঠকের আগেই পাকিস্তানকে এই বিষয়ে অনুরোধ করে ওয়াশিংটন৷ সেই অনুরোধকে মান্যতা দিয়েই এই তালিবান নেতাকে মুক্তি দিয়েছে পাক প্রশাসন৷ বৃহস্পতিবার বিবৃতি দিয়ে এমনই জানিয়েছে সেদেশের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র মহম্মদ ফয়জল৷ গত মাসেই কাতারে তালিবানদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রতিনিধিরা৷ সেই বৈঠকেই শান্তি প্রতিষ্ঠার সমাধান সূত্রে রচিত হলে সূত্রের খবর৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন