Nepal Landslide

ভেঙে পড়ল আস্ত পাহাড়! প্রকৃতির রোষে ফের বিধ্বস্ত নেপাল, মৃত অন্তত ২৪

আপাতত ২৪ জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ ১৪ জন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১৮:৫১

options
link
ভেঙে পড়ল আস্ত পাহাড়! প্রকৃতির রোষে ফের বিধ্বস্ত নেপাল, মৃত অন্তত ২৪

প্রকৃতির রোষে ফের বিপর্যস্ত নেপাল (Nepal)। প্রবল বৃষ্টির মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিরাট পাহাড়! একেবারে অবিশ্বাস্যভাবে পাহাড় ভেঙে পড়েছে লোকালয়ের উপর। আপাতত ২৪ জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ ১৪ জন। মাসখানেক আগেই হড়পা বানে বিধ্বস্ত হয়ে পড়েছিল নেপাল। হাজারে হাজারে মানুষের মৃত্যু হয়েছে। কার্যত নিশ্চিহ্ন হয়ে যায় একের পর এক গ্রাম। সেই ধাক্কা থেকে সেরে ওঠার আগেই আবারও প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত হয়ে গেল হিমালয়ের কোলে ছোট্ট দেশটি।

Advertisement

সোমবার বিপর্যয় নেমে আসে কালী গণ্ডোকী নদী সংলগ্ন এলাকায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ব্যাপক ধস (Landslide) নেমেছে পাহাড়ে। তবে ছোটখাট ধস নয়, পাহাড়ের একটা বিরাট অংশ ভেঙে পড়েছে, নেমে আসছে নিচের দিকে। চোখের সামনে এমন পাহাড় ভেঙে পড়ার দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। ভয়ংকর এই ভিডিও দেখে নেটিজেনরা বলছেন, এমন ঘটনা স্রেফ সিনেমাতেই দেখা যায়। আস্ত পাহাড়ের বিরাট অংশ ভেঙে পড়া-বাস্তবে এমনটা কল্পনা করাও অত্যন্ত কঠিন।  

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মানাং, মায়াগডি, বাগলুং, পর্বত এবং পল্পা-এই এলাকাগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এদিন। একাধিক বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। গত কয়েকদিন ধরেই এই এলাকাগুলিতে প্রবল বৃষ্টি হয়েছে। তার জেরেই পাহাড় ভেঙেছে কিনা, নিশ্চিত নয়। একাধিক এলাকা মিলিয়ে ইতিমধ্যেই ২৪ জনের মৃত্যু হয়েছে। খোঁজ মিলছে না অন্তত ১৪ জনের। তবে যেমন ভয়াবহ বিপর্যয় ঘটেছে তাতে হতাহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা প্রবল।

Advertisement

রবিবারই তুষারধসে তছনছ হয়ে গিয়েছে তিব্বত সীমান্ত। হিমলাং হিমল শৃঙ্গের বেস ক্যাম্পের কাছে তুষার ধস নামে। অন্তত ১০ জন নিখোঁজ সেখানে। পরদিনই ফের প্রাকৃতিক বিপর্যয়। গত ২৬ আগস্ট ভয়ংকর হড়পা বানে ভেসে যায় নেপালের মধ্য অঞ্চল। সরকারি হিসেবে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৫০০-রও বেশি। প্রায় পাঁচ হাজারের বেশি মানুষের খোঁজ মেলেনি এখনও। তারপরও একাধিকবার প্রকৃতির রোষে ছারখার হয়ে যাচ্ছে এভারেস্টের দেশ।

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.