সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় গানে তাল মিলিয়ে শাস্তির মুখে পড়তে হল পাক এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্সের এক মহিলা কর্মী৷ অভিযোগ, ওই সময় পাক সেনার পোশাক ও সেনার টুপি মাথায় পরে ছিলেন ওই যুবতী৷ যাতে স্পষ্ট বোঝা যাচ্ছিল পাকিস্তানের পতাকা৷ ফলে সেনা ও পতাকাকে অপমান করার অভিযোগ আনা হয়েছে ওই যুবতির বিরুদ্ধে৷ শাস্তিস্বরূপ আগামী দু’বছরের জন্য আটকে দেওয়া হয়েছে তাঁর পদোন্নতি৷ চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, পরবর্তীকালে এমন কোনও ঘটনা ঘটলে আরও কড়া শাস্তি দেওয়া হবে৷ যদিও এই শাস্তির নিদানকে পাক প্রশাসনের দ্বিচারিতা বলে পালটা অভিযোগ করছেন অনেকে৷
[মৃত ‘হাক্কানি নেটওয়ার্ক’-এর প্রতিষ্ঠাতা, স্বস্তির স্বাস ফেলল আমেরিকা]
জানা গিয়েছে, ২৫ বছর বয়সী ওই যুবতির পাকিস্তানের শিয়ালকোট বিমানবন্দরের কর্মী৷ কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়া একটি ভিডিও আপলোড করেন তিনি৷ সেখানে তাঁকে দেখা যায়, একটি জনপ্রিয় পাঞ্জাবি গানের তালে নাচতে ও লিপসিংক করতে৷ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ভিডিওটি৷ পাক সংবাদমাধ্যমেও ছড়িয়ে পড়ে সেটি৷ বিতর্ক তৈরি হয়, ওই সময় ওই যুবতির পোশাক ও মাথায় থাকা টুপিকে ঘিরে৷ দেখা যায়, ওই সময় পাক সেনার পোশাক ও সেনার টুপি মাথায় পরেছিলেন ওই যুবতি৷ যাতে স্পষ্ট বোঝা যাচ্ছিল পাকিস্তানের পতাকা৷ এতে জাতীয় পতাকা ও সেনাকে অপমান করা হয়েছে বলে অভিযোগে ওঠে তাঁর বিরুদ্ধে৷ ঘটনার রেশ পৌঁছায় পাকিস্তান এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স পর্যন্ত৷ এরপরেই তাঁদের ওই কর্মীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷ আগামী দু’বছরের জন্য বন্ধ করে দেওয়া হয় তাঁর পদোন্নতি৷ চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়া হয় তাঁকে৷ বলা হয়, এমন কোনও ঘটনা ভবিষ্যতে ঘটালে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে তাঁর বিরুদ্ধে৷ কেবল তাই নয়, কর্মস্থলেও হেনস্তার মুখে পড়তে হচ্ছে তাঁকে৷
[শৌচালয় পরিষ্কারে প্রয়োজন অমুসলিম কর্মী! পাক সেনার বিজ্ঞাপন ঘিরে বিতর্ক]
হেনস্থা ও শাস্তির ঘটনাকে কেন্দ্র করে যুবতির পরিবার ও পরিচিতদের মধ্যে তৈরি হয়েছে চাপা ক্ষোভ৷ তাঁদের অভিযোগ, পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন, পাক পতাকা হাতে এবং পাক এয়ারলাইন্সে বিদেশিনী কিকি চ্যালেঞ্জ করলে সেই বিষয়টির প্রশংসা করেন প্রশাসনের শীর্ষ কর্তারা৷ আর দেশের মেয়ে পতাকার ন্যায় টুপি পরে ভারতীয় গানে নাচলে তা দোষ হয় কেমন ভাবে৷ এই ঘটনাকে পাক প্রশাসনের দ্বিচারিতা বলে তোপ দাগেন তাঁরা৷
সর্বশেষ খবর
-
কমিকস থেকে শুরু জাপানের ফুটবল রূপকথা! ‘স্বার্থপর’ হয়েই বিশ্বজয়ের স্বপ্ন দেখাচ্ছে ‘মাঙ্গা’?
-
তীর্থযাত্রায় দুর্ঘটনা উত্তরপ্রদেশে, দু’টি গাড়ির সংঘর্ষে প্রাণ গেল এক পরিবারের ৪ জনের, প্রকাশ্যে ভিডিও
-
চল রাস্তায় সাজি ট্রামলাইন… এবার সল্টলেক, নিউটাউনেও! ফের শহরে স্বমহিমায় ফিরছে ট্রাম পরিষেবা
-
যানজটের সমস্যা মেটাতে ‘মাস্টারস্ট্রোক’, ‘অবৈধ’ ক্লাব ভাঙার নির্দেশ বাঁকুড়ার বিধায়কের
-
বিজেপি নেতাকে প্রাণে মারার চেষ্টা! গ্রেপ্তার রহিম নবির ভাই-সহ দুই তৃণমূল নেতা