সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হেলিপ্যাডে অবতরণের সময় ভেঙে পড়ল পাকিস্তানি হেলিকপ্টার। সোমবার পাকিস্তানের গিলগিট-বালতিস্তানের দিয়ামির জেলার চিলাস শহরের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। হেলিকপ্টারের ৫ যাত্রীই মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে। পাকিস্তান পুলিশের আধিকারিক আব্দুল হামিদ একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, হেলিকপ্টারটি একটি নতুন হেলিপ্যাডে পরীক্ষামূলক ভাবে অবতরণ করছিল। ঠিক তখনই দুর্ঘটনা ঘটে যায়। নিহত ৫ যাত্রীর মধ্যে ছিলেন ২ পাইলট ও ৩ টেকনিশিয়ান। পাক সরকারের গিলগিট-বালতিস্তান প্রদেশের মুখপাত্র ফাইজুল্লাহ ফারাক বিবৃতিতে জানিয়েছেন, হেলিকপ্টারটি চিলাস এলাকায় পড়ে ধ্বংস হয়ে গিয়েছে। যদিও কেন এই দুর্ঘটনা তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে পাকিস্তান সরকার।
পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটি একটি এম আই-১৭ মডেলের হেলিকপ্টার ছিল। কিন্তু কী কারণে এই দুর্ঘটনা ঘটল, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। আন্তর্জাতিক মহলের মতে, এটি নিছক একটি দুর্ঘটনা নয়। বরং, এর পিছনে বালোচদের হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ, গত মাসে পাক সেনাপ্রধান আসিম মুনিরের আমেরিকা সফরের সময়ই বিদেশি জঙ্গি সংস্থার তকমা পেয়েছে বালোচিস্তানের স্বাধীনতা সংগ্রামীরা। বালোচদের সহযোগী দ্য মাজিদ বিগ্রেডকেও জঙ্গি তকমা দেওয়া হয়েছে।
সেই কারণেই পাকিস্তান সরকারের উপর রীতিমতো ক্ষুব্ধ বালোচরা। বিগত কালের মধ্যেই বেশ কয়েকবার পাক সেনার উপর হামলার ঘটনা ঘটে গিয়েছে। বারবার আঘাত হানতে মরিয়া বালোচিস্তানের স্বাধীনতার দাবিদাররা। তাই সোমবার গিলগিট-বালতিস্তানের হেলিকপ্টার দুর্ঘটনা বালোচিস্তান লিবারেশন আর্মির কার্যকলাপ হওয়ার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সম্প্রতি খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়ংকর বন্যা পরিস্থিতিতে বন্যা ত্রাণ চলাকালীনও একটি সরকারি এম আই-১৭ হেলিকপ্টারও ভেঙে পড়েছিল।
সর্বশেষ খবর
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী
-
রাজ্যে আম্বানিদের বিনিয়োগ! রিলায়েন্স কর্তাদের সঙ্গে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর, বললেন, ‘ঢপবাজি বন্ধ, এবার শুধু কাজ’
-
নজিরের ছড়াছড়ির রাতে উজ্জ্বল গিল, রোহিত এখনও ‘হিট’, বোলারদের বধ্যভূমিতে সিরিজ জয় ভারতের
-
ধর্মীয় ভাবাবেগ ও পরিবেশ দু’টোই গুরুত্বপূর্ণ! বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞায় ‘না’ সুপ্রিম কোর্টের