স্টাফ রিপোর্টার: কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর শোকসভায় যোগ দিতে কিউবার উদ্দেশে রওনা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মঙ্গলবার হাভানা পৌঁছবে৷ কেন্দ্রীয় মন্ত্রক সূত্রে খবর, কাস্ত্রোকে শেষ বিপ্লবী কুর্নিশ জানাতে ভারত থেকে রাজনৈতিক প্রতিনিধিদের একটি দল কিউবার উদ্দেশে রওনা দিয়েছে এদিন৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে কিউবা যাচ্ছেন সাংসদদের আট সদস্যের সর্বদলীয় প্রতিনিধিদল৷ সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও সিপিআই-এর সাধারণ সম্পাদক ডি রাজা ছাড়াও এই দলে থাকছেন লোকসভার ডেপুটি স্পিকার এম থাম্বিদুরাই, কংগ্রেসের আনন্দ শর্মা, বিজেডির ঝিনা হিকাকা, বিজেপির রমেন ডেকা এবং সমাজবাদী পার্টির জাভেদ আলি খান৷ হাভানায় টানা দু’দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তাঁরা৷ বৃহস্পতিবার দিল্লি ফিরে আসবে এই সংসদীয় প্রতিনিধিদল৷
সোমবার ফিদেলের মৃত্যুতে সংসদে শোকজ্ঞাপন করা হয়৷ লোকসভায় ও রাজ্যসভায় কিউবার নেতার স্মৃতিতে নীরবতা পালন করা হয়৷
রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারি বলেন, “কম্যান্ডার ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে আমরা গভীর শোকাহত৷” এদিকে লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন বলেন, প্রবল ইচ্ছাশক্তি ও ব্যক্তিগত ক্যারিশ্মার ফলেই কিউবায় ৪৭ বছর ধরে ক্ষমতায় ছিলেন কাস্ত্রো৷ ভারতের প্রতি ফিদেল কাস্ত্রোর সমর্থন, নিঃস্বার্থ বন্ধুত্ব ও নির্জোট আন্দোলনে তাঁর ভূমিকার কথাও বলেন সুমিত্রা৷
প্রয়াত নেতার স্মৃতিচিহ্ন রাখা রয়েছে হাভানায়৷ গানস্যালুট-সহ দু’দিনের শোকসভার শেষে সেই দেহাবশেষই বুধবার থেকে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরবে৷ নয় দিন ধরে রাষ্ট্রীয় শোক পালন করা হবে বলেও জানিয়েছেন ফিদেল কাস্ত্রোর ভাই তথা কিউবার বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো৷
কাস্ত্রোকে শেষ বিদায় জানাতে প্রস্তুতি নিচ্ছে কিউবার জনতা৷ দিনবদলের স্বপ্ন দেখিয়েছিলেন যাঁদের, তাঁরাই আজ হাভানার ‘প্লাজা দে রেভোলিউশিয়ন’-এর সামনে জড়ো হচ্ছেন৷ বিপ্লবের মৃত্যু নেই, এই বিশ্বাসে ভর করেই নতুন দিনের অপেক্ষা করছেন তাঁরা৷
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা