সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের ধাঁচেই এবার আক্রমণ শানাল ইউক্রেন! সূত্রের খবর, একসঙ্গে রাশিয়ার চারটি বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সিকিয়োরিটি সার্ভিস। ৪০টিরও বেশি রুশ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে এই হামলায়। গত কয়েকদিন ধরে যে বোমারু বিমানগুলি ইউক্রেনে হামলা চালিয়েছে সেগুলিও ধ্বংস হয়েছে বলে সূত্রের খবর।
সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, রাশিয়ার চারটি বায়ুসেনা ঘাঁটি এবং দু’টি এয়ারফিল্ড লক্ষ্য করে রবিবার হামলা চালিয়েছে এসবিইউ। সেই হামলায় রাশিয়ার বোমারু বিমান Tu-95 এবং Tu22M3 ধ্বংস হয়েছে। একটি A-50 বিমানও ধ্বংস হয়েছে ইউক্রেনের হামলায়। একাধিক সেনাঘাঁটিতে আগুন ধরে যায় হামলার জেরে। রাশিয়ায় নানা জায়গায় বিস্ফোরণ এবং আগুন ধরে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
রাশিয়ার তরফে এখনও সরকারিভাবে এই হামলা নিয়ে কিছু জানা যায়নি। তবে রাশিয়ার আর্কুস্তক এলাকার গভর্নর ইগর কোভজেভ জানিয়েছেন সেখানকার সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে ইউক্রেন। অন্যদিকে বেলারুশের সংবাদসংস্থা নেক্সটার তরফে জানানো হয়েছে, ওলেনা এয়ারবেসেও ড্রোন হামলা হয়েছে। রাশিয়ার এই এয়ারবেসে পারমাণবিক অস্ত্রবাহী বিমানগুলি রাখা হয়। সেদেশের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত ঘাঁটি এই ওলেনা। তবে রাশিয়ার তরফে সরকারিভাবে এই ঘাঁটিতে হামলার খবর জানানো হয়নি। ইউক্রেনের হামলায় হতাহতের খবর মেলেনি।
গত তিন বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এটাই আকাশপথে সবচেয়ে বড় হামলা, এমনটাই মনে করছে আন্তর্জাতিক মহল। শোনা যাচ্ছে, ‘পাভুতিনা’ নামে একটি বিশেষ অপারেশনের মাধ্যমে রাশিয়ার সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেন। আপাতত ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সেনা এবং আমজনতাকে সরানো হচ্ছে। ড্রোন হামলার উৎসস্থল চিহ্নিত করে সেটিকে নিষ্ক্রিয় করেছে রুশ সেনা। ইউক্রেনকে পালটা দেওয়ার জন্য জরুরি বৈঠক চলছে রাশিয়ায়।
সর্বশেষ খবর
-
দুর্নীতি পাঁক থেকে বেরতে একাদশ-দ্বাদশের শিক্ষ নিয়োগে নয়া তালিকা প্রকাশ এসএসসি-র
-
শুটিংয়ে ফের লক্ষ্যভেদ, ভারতে এল এশিয়াডের পঞ্চম সোনা, পদক সংখ্যায় হাফসেঞ্চুরি!
-
রান্নার সময় গ্যাস সিলিন্ডারে প্রবল বিস্ফোরণ, হুড়মুড়িয়ে ভাঙল বাড়ি, উত্তরপ্রদেশে মৃত ৪
-
কুনালের পর অগ্নিমিত্রার সঙ্গে মঞ্চভাগ, ‘দলবদলু’ তকমা জুটতেই শ্রীলেখার হেঁয়ালি, ‘ভাবনা তো ট্যাক্স ফ্রি’
-
বাতিল সব ম্যাচ, না জিতেই সেমিতে চার দল! এশিয়াডে ফের সোনা জিততে শ্রেয়সদের প্রতিপক্ষ কারা?