PM Modi

‘বিশ্ব অনেক আশা নিয়ে ভারতের দিকে তাকিয়ে’, টোকিওয় পৌঁছেই বললেন মোদি

মার্কিন শুল্কযুদ্ধের আবহে জাপান সফরে প্রধানমন্ত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২৫, ১৪:৫৪

options
link
‘বিশ্ব অনেক আশা নিয়ে ভারতের দিকে তাকিয়ে’, টোকিওয় পৌঁছেই বললেন মোদি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধের আবহেই জাপানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর পৌঁছেই টোকিওয় ভারত-জাপান যৌথ আর্থিক ফোরামে ভাষণ দিতে গিয়ে তাঁকে বলতে শোনা গেল জাপানি ভাষা! তিনি বললেন, ”নমস্কার, কনচিওয়া জাপান।”

Advertisement

সেই সঙ্গেই তাঁকে বলতে শোনা গেল, ”বিশ্ব কেবল ভারতের দিকে তাকিয়েই নেই। বিশ্ব ভারতের থেকে অনেক আশা নিয়ে তাকিয়ে রয়েছে। ভারতের উন্নয়নের যাত্রায় জাপান বরাবরই এক গুরুত্বপূর্ণ সঙ্গী। মেট্রো রেল থেকে নির্মাণ, সেমি কন্ডাক্টর থেকে স্টার্টআপ… জাপানের সংস্থাগুলি ভারতে ৪০ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে।” সেই সঙ্গেই জাপানকে আরও বিনিয়োগের আহ্বান জানিয়ে মোদি বলেন, ”ভারতে মূলধন কেবল বাড়েই না, তা কয়েক গুণ বেড়ে যায়।” পাশাপাশি মোদি বলেন, ”আজ ভারতে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতা রয়েছে। নীতিগত স্বচ্ছতা এবং সম্ভাবনা রয়েছে। ভারত এখন বিশ্বের দ্রুততম বর্ধিষ্ণু প্রধান অর্থনীতি। এবং খুব শীঘ্রই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে।” তাঁর বার্তা, ”প্রতিরক্ষা ও মহাকাশের পর আমরা এবার পারমাণবিক ক্ষেত্রে বা বেসরকারি বিনিয়োগের রাস্তাও খুলেছি।”

Advertisement

প্রসঙ্গত, জাপানে ভারতের রাষ্ট্রদূত সিবি জর্জ জানিয়েছেন, কেবল দ্বিপাক্ষিক বিষয় নয়, দুই রাষ্ট্রপ্রধানের আলোচনায় উঠে আসবে কোয়াডের মতো ইস্যুও। মোদির সফরের ঠিক আগেই সিবি বলেন, “প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দু’জন রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎ হচ্ছে, সেটাও বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে। এহেন অবস্থা থেকে ভবিষ্যতে কী হতে পারে, সেই নিয়ে আলোচনা হবে। অবশ্যই আলোচনা হবে কোয়াড নিয়েও।” তবে আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধের আবহে ওয়াশিংটনের সঙ্গে হাত মিলিয়ে ভারত কোয়াডে কতটা আগ্রহী হবে, সেই নিয়ে প্রশ্ন থাকছে।

Advertisement

সফরের প্রথম দিনেই জাপানের শিল্পপতিদের একটি অনুষ্ঠানে যোগ দেবেন মোদি। তারপর জাপানের বিশিষ্টজনদের সঙ্গে সাক্ষাৎ। বেলার দিকে জেন বৌদ্ধমন্দিরে যাবেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় আড়াইটে থেকে ভারত-জাপান বার্ষিক সম্মেলনে যোগ দেবেন তিনি। জাপান সফর শেষ করেই চিনে পা রাখবেন মোদি। সেখানে এসসিও সামিটের ফাঁকে বৈঠক করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.