ভারতীয় ঐতিহ্যে মেট গালা কাঁপালেন করণ জোহর, কিম্ভূত সাজে লাইমলাইট কাড়লেন কারা?
চোখে ডলার থেকে স্টিলের মাস্কে ঢাকা মুখ। মেট গালায় সেলেবদের ঝকমারি পোশাক নিয়ে শোরগোল!
ফি বছরের মতো এবারও মেট গালা ফ্যাশন প্রদর্শনীর লাল গালিচায় উপস্থিত ছিলেন বিশ্বের ফ্যাশনিস্তারা। চলতিবারে নিউ ইয়র্ক সিটির মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে ভারত থেকে অংশ নেন করণ জোহর, মণীশ মালহোত্রা, অনন্যা বিড়লা, ইশা আম্বানিরা। মণীশ মলহোত্রের নকশা করা পোশাকে সংস্কৃতি ও ঐতিহ্যের ছোঁয়ায় লাল গালিচায় বাজিমাত করণের।
প্রত্যাশামাফিক, হাইডি ক্লুম এবারও নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন। রাফায়েল মন্টি-র ‘ভেইলড ভেস্টাল’-এর অনুপ্রেরণায় নিজেকে এমনভাবে তুলে ধরলেন, যা দেখতে অবিকল যেন মর্মর মূর্তির মতো লাগছিল। ল্যাটেক্স ও ফোমের সূক্ষ্ম কারুকাজে এক চমৎকার বিভ্রম তৈরি করেছিল তার পোশাক, যেন মনে হচ্ছিল সরাসরি কোনও ভাস্কর্য প্রদর্শনী থেকে বেরিয়ে এসেছেন তিনি।