Baruipur incident

আশঙ্কাই সত্যি! বারুইপুরে গণপিটুনিতে উসকানির অভিযোগে গ্রেপ্তার বামনেতা লাহেক আলি

শনিবার দুপুরে বারুইপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, গণপিটুনিতে অভিযুক্ত কাউকে রেয়াত করা হবে না।

দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: জুলাই ১২, ২০২৬, ২৩:৪৭

options
link
আশঙ্কাই সত্যি! বারুইপুরে গণপিটুনিতে উসকানির অভিযোগে গ্রেপ্তার বামনেতা লাহেক আলি
বারুইপুর কাণ্ডে ধৃত লাহেক আলির পুলিশ হেফাজত

বারুইপুরে গণপিটুনিতে উসকানির অভিযোগে আগেই এফআইআর দায়ের হয়েছিল। গ্রেপ্তারির আশঙ্কা করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বামনেতা লাহেক আলি। শনিবার দুপুরে বারুইপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, গণপিটুনিতে অভিযুক্ত কাউকে রেয়াত করা হবে না। তাঁর হুঁশিয়ারির ২৪ ঘণ্টা পেরতেই রবিবার বারুইপুরের খোদারবাজার এলাকার বাড়ি থেকে সিপিএমের রাজ্য কমিটির সদস্য লাহেক আলিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগামিকাল তাঁকে তোলা হবে আদালতে।

Advertisement

নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনাকে কেন্দ্র করে গত রবিবার উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুরের সূর্যপুর। রাস্তা, রেল অবরোধ, পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি নষ্ট করা হয়। ধর্ষণ-খুনের ঘটনায় এক সন্দেহভাজনকে পিটিয়ে খুন করে উত্তেজিত জনতা। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরে গিয়ে জানান, গণপিটুনিতে নিহত ওই যুবক অর্থাৎ ইন্দ্রজিৎ মণ্ডল নির্দোষ ছিলেন। বারুইপুরের এই অশান্তির পিছনে মৌলবাদী ও দেশবিরোধী শক্তি রয়েছে বলেও দাবি করেন তিনি। নেপথ্যে বাম-অতিবামেদের উসকানি বলে দাবি করে তিনি বলেন, “ভোটে হেরে গিয়ে হিংসায় উসকানি দেওয়া হয়েছে। কল রেকর্ডিং সংগ্রহ করেছে পুলিশ। অভিযুক্তদের শিক্ষা দেওয়ার কাজ করবে সরকার। কাউকে রেয়াত করা হবে না।”

Advertisement

শুভেন্দুর এই হুঁশিয়ারির পর গত ৭ জুলাই সন্ধ্যায় সুজন-সহ ৪ সিপিএম নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি। তাতে নাম ছিল ছাব্বিশের নির্বাচনের বারুইপুর পশ্চিমের বামপ্রার্থী লাহেক আলিরও। তারপরই গ্রেপ্তারির আশঙ্কায় হাই কোর্টে মামলা করেন তিনি। পরবর্তীতে আরও একটি এফআইআর হয় লাহেক আলির বিরুদ্ধে। গতকাল অর্থাৎ শনিবার ফের দোষীদের কড়া শাস্তির হুঁশিয়ারি দেন শুভেন্দু। এরপরই রবিবার সন্ধ্যায় খোদারবাজার এলাকার বাড়ি থেকে লাহেক আলিকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ। অশান্তির আশঙ্কায় রাতেই তাঁকে নিয়ে যাওয়া হয়েছে নরেন্দ্রপুর থানায়। আগামিকাল পেশ করা হবে আদালতে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.