SIR

ফরাক্কার পর রতুয়া, ট্রাইব্যুনালের দ্বিতীয় মামলায় মনোনয়ন-জট কাটল আরেক কংগ্রেস প্রার্থীর

ট্রাইব্যুনালের দ্বিতীয় মামলায় মোত্তাকিনের নাম ভোটার তালিকায় তোলার নির্দেশ দেওয়া হয়েছে।

বাবুল হক
বাবুল হক

শেষ আপডেট: এপ্রিল ৬, ২০২৬, ১৬:৪৬

options
link
ফরাক্কার পর রতুয়া, ট্রাইব্যুনালের দ্বিতীয় মামলায় মনোনয়ন-জট কাটল আরেক কংগ্রেস প্রার্থীর
ফাইল ছবি

ফরাক্কার কংগ্রেস প্রার্থী মাহাতাব শেখের পর রতুয়ার কংগ্রেস প্রার্থী মহম্মদ মোত্তাকিন আলম। ট্রাইব্যুনালের দ্বিতীয় মামলায় মোত্তাকিনের নাম ভোটার তালিকায় তোলার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে তাঁর আর কোনও বাধা রইল না।

Advertisement

আজই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। এসআইআরের পর বিবেচনাধীনের তালিকায় ছিল রতুয়ার কংগ্রেস প্রার্থী মহম্মদ মোত্তাকিনের। পরে জানা যায়, তাঁর নাম ‘ডিলিট’ হয়ে গিয়েছে। এদিকে কংগ্রেস রতুয়া থেকে প্রার্থী করেছে প্রাক্তন বিধায়ক মোত্তাকিনকে। অথচ ভোটার তালিকায় তাঁর নাম না ওঠায় মনোনয়ন নিয়ে জট দেখা দেয়। সমাধান চেয়ে তড়িঘড়ি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রার্থী। দাখিল করেন রিট পিটিশন। সোমবার সাড়ে ১০টা নাগাদ শীর্ষ আদালতে এজলাস শুরু হলে দ্রুত আবেদনের ভিত্তিতে বিচারপতিরা ট্রাইব্যুনালকে নির্দেশ দেন, দুপুর ১২টার মধ্যে মোত্তাকিনের মামলাটির নিষ্পত্তি করে দিতে হবে। ‘সুপ্রিম’ নির্দেশ পেয়ে সল্টলেকে ট্রাইব্যুনালের দপ্তরে শুরু হয় কাজ। পরে ট্রাইব্যুনালের তরফে জানানো হয়, মোত্তাকিনের নাম অবিলম্বে ভোটার তালিকায় তুলতে হবে। এর ফলে কংগ্রেস প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে কোনও বাধা থাকল না।

Advertisement

উল্লেখ্য, ২০১৬ সালে মানিকচক থেকে জিতে বিধায়ক হয়েছিলেন মোত্তাকিন। ২০২১ সালের বিধানসভা ভোটে লড়াই করলেও মানিকচক থেকে তৃণমূলের সাবিত্রী মিত্রর কাছে হেরে যান। ছাব্বিশের ভোটে তাঁকে অন্য আসন, রতুয়া থেকে প্রার্থী করে কংগ্রেস। এর আগে রবিবার ট্রাইব্যুনালে প্রথম নিষ্পত্তি হয় ফরাক্কার কংগ্রেস প্রার্থী মাহাতাব শেখের মামলাটি। তাঁর নামও বিবেচনাধীন ছিল। সোমবার, মনোনয়নের শেষ দিনের ২৪ ঘণ্টা আগেই তাঁর নাম অতিরিক্ত ভোটার তালিকায় তুলে দেওয়ার জন্য কমিশনকে নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.