ভারতীয় ক্রিকেটের কাঠামো কি অদূর ভবিষ্যতে বদলে যেতে চলেছে? ‘ওয়ান আমব্রেলা’ নীতির আওতায় কি আসতে চলেছে দেশজ ক্রিকেট? যেখানে সর্বময় কর্তা হিসেবে থাকবেন একজন। যাঁর কাছে দায়বদ্ধ থাকবেন হেড কোচ থেকে বিভিন্ন পর্যায়ের জাতীয় নির্বাচকরা?
পুরোপুরি চূড়ান্ত এখনও কিছু নয়। সরকারি সিলমোহর এখনও পড়েনি। কিন্তু ভারতীয় ক্রিকেটের কাঠামো নিয়ে নাড়াচাড়া করা যে শুরু হয়েছে, তা নিয়ে সন্দেহ নেই। আর সমগ্র ভারতীয় ক্রিকেট যদি শেষ পর্যন্ত এক ছাতার তলায় আসে, সম্ভাব্য সর্বময় কর্তার নাম বেশ চমকপ্রদ। ভিভিএস লক্ষ্মণ!
আরও পড়ুন:
ভিভিএস এ মুহূর্তে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সলেন্সের প্রধান। মাঝে ছড়িয়ে পড়েছিল যে, ভিভিএস নাকি সেন্টার অফ এক্সেলেন্সের দায়িত্ব ছেড়ে দিয়ে জাতীয় নির্বাচক প্রধান হয়ে যেতে পারেন। কারণ, ততদিনে বর্তমান জাতীয় নির্বাচক কমিটির (সিনিয়র) প্রধান অজিত আগরকরকে নিয়ে নানাবিধ বিতর্ক শুরু হয়ে গিয়েছিল। বিভিন্ন মহলে বলাবলি চলছিল, বোর্ডের একাংশের সঙ্গে সম্পর্ক নাকি ভালো নয় আগরকরের। রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে নাকি তাঁর সঙ্গে নিয়মিত খটাখটি লাগছে বোর্ড কর্তাদের। যাক গে। পরে ভিভিএসের জাতীয় নির্বাচক প্রধান হওয়া নিয়ে চর্চা আর ধূমায়িত হয়নি। কিন্তু অধুনা শোনা যাচ্ছে, আরও বড় দায়িত্ব নিয়ে আসা হতে পারে দেশের কিংবদন্তি ক্রিকেটারকে। ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ গোত্রীয় কোনও পদ দেওয়া হতে পারে তাঁকে। যাঁর রিমোট কন্ট্রোল থাকবে সমস্ত পর্যায়ভুক্ত ভারতীয় ক্রিকেট!
ওয়াকিবহাল মহল বলছে, এ পরিকল্পনা যদি নিকট ভবিষ্যতে বাস্তব-রূপ পায়, তা হলে তা বৈপ্লবিক সিদ্ধান্ত হবে। কারণ, আজ পর্যন্ত এ জিনিস কখনও হয়নি। যেখানে ভারতীয় হেডকোচ থেকে জাতীয় নির্বাচক কমিটি, বিভিন্ন পর্যায়ের মহিলা ক্রিকেট, সেন্টার অফ এক্সেলেন্স– সবাই দিন শেষে রিপোর্ট করবেন নির্দিষ্ট একজনকে। বলা হচ্ছে, এতে সবারই দায়বদ্ধতা অনেক বাড়বে। যোগাযোগ ব্যবস্থার অনেক বেশি উন্নতি হবে। অহেতুক বিতর্ক কমবে। কেউ কেউ বলছেন যে, ডিরেক্টর অফ ক্রিকেট পদ তৈরি করতে হলে এ মুহূর্তে দেশে ভিভিএসের চেয়ে যোগ্যতম চরিত্র আর কেউ নেই। দেশের কিংবদন্তি ক্রিকেটার। ভারতীয় ক্রিকেটের সিস্টেমের সঙ্গে বহুদিন ধরে রয়েছেন। অত্যন্ত সম্মাননীয় চরিত্র। অনেক দাপুটে চরিত্ররাও অসীম শ্রদ্ধা করেন ভিভিএসকে। তাই ভারতীয় বোর্ড এ হেন ভেরি ভেরি স্পেশাল পরিকল্পনার দিকে শেষ পর্যন্ত এগোলে, সবার উপরে ভেরি ভেরি স্পেশাল ভদ্রলোকেরই থাকা উচিত। ভিভিএস লক্ষ্মণের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অন্নপূর্ণার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা! মুখ্যমন্ত্রী শুভেন্দুকে ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের
-
পরকীয়ায় বাধা! স্বামীকে বিষ খাইয়ে ‘খুন’ স্ত্রীর, বাবাকে মারতে সাহায্য মেয়েরও!
-
বচসার পর ট্রেনে সহযাত্রীর উপর অগ্নিনির্বাপক স্প্রে বিদেশি যুবকের! পুলিশ হেফাজতে রহস্যমৃত্যু
-
সকাল-সন্ধ্যা ধূপ জ্বালান? ডায়াবেটিসের ঝুঁকি ডেকে আনছেন না তো?
-
PM CARES তহবিলে হু হু করে বাড়ছে অনুদানের অঙ্ক, এখন কত টাকা রয়েছে? মিলল হিসাব