অরূপ বসাক, মালবাজার: দুপুর থেকে নিখোঁজ ছিলেন বিজেপি পঞ্চায়েত সদস্যের মা। পরে রাতে এলাকারই একটি ঝোপ থেকে উদ্ধার হল তাঁর রক্তাক্ত মৃতদেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মালবাজারের কুমলাই গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃতার নাম গোলাপি রায় (৪৮)। পরিবারের সদস্যদের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল শুক্রবার দুপুরে বিয়েবাড়িতে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। রাতে আর বাড়ি ফেরেননি। মোবাইল ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ঘটনা জানাজানি হতেই নেওড়া স্টেশনপাড়া এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তাঁর ছেলে বিশাল রায় ওই এলাকার পঞ্চায়েত সদস্য। তিনি অনুষ্ঠান বাড়িতে খোঁজ করে জানতে পারেন, তাঁর মা সেখানে যাননি। এরপরই সন্দেহ বাড়ে। রাতেই এলাকায় খোঁজাখুঁজি শুরু হয়।
নেওড়া স্টেশনের কাছে একটি ঝোপের মধ্যে ওই মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। মহিলার গলায় তাঁর পরনের শাড়িই প্যাঁচানো ছিল। শরীরের একাধিক জায়গায় রক্তের দাগ দেখতে পাওয়া যায়। মৃতদেহের পাশে একটি লাঠিও পড়ে থাকতে দেখা যায়। অভিযোগ, ওই মহিলাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। খবর পেয়ে মালবাজার থানার পুলিশ ঘটনাস্থলে যায়। মৃতদেহ উদ্ধার করে জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মালবাজার থানার আইসি সৌম্যজিৎ মল্লিক জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
সর্বশেষ খবর
-
‘ইতিহাসের অন্ধকার-মর্মান্তিক অধ্যায়’, ‘গ্রেট ক্যালকাটা কিলিং’য়ের ইতিহাস মনে করালেন মুখ্যমন্ত্রী
-
নথির প্রয়োজন নেই, দেখামাত্রই গ্রেপ্তার! অভিষেক ঘনিষ্ঠ বিনয়ের বিরুদ্ধে এবার ‘ওপেন ওয়ারেন্ট’
-
দীর্ঘ পথে ক্লান্তি! ঝরিয়াশোলে কাদায় আটকে মর্মান্তিক মৃত্যু হস্তিশাবকের, শত চেষ্টাতেও বাঁচাতে পারল না মা
-
মহারাষ্ট্রের এই আদিবাসী গ্রামে রাতের আকাশই মূল আকর্ষণ, আকাশগঙ্গা দেখতে ভিড় পর্যটকদের
-
হাওড়া-শিয়ালদহতেও মিলছে না ন্যূনতম পরিষেবা! ক্যাগ রিপোর্টে একাধিক স্টেশনের পানীয় জল নিয়ে উদ্বেগ