সৌরভ মাজি, বর্ধমান: নির্মীয়মাণ বিদ্যুৎ সাব স্টেশনে দুঃসাহসিক চুরি নববর্ষের রাতে। পুলিশ সেজে এসে সেখানকার কর্মী ও নিরাপত্তারক্ষীদের বেঁধে রাখে দুষ্কৃতীরা। তারপর সেই সব কর্মীর জন্য রান্না করা নববর্ষের বিশেষ খাবারও চেটেপুটে খায়। প্রায় ২০ লক্ষ টাকার সামগ্রী লুট করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। বুধবার সকালে বিষয়টি প্রকাশ্যে আসে। পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার ভাণ্ডারডিহিতে নির্মীয়মাণ ও বিদ্যুৎ সাব স্টেশনে এদিন পরে তদন্তে যান পদস্থ পুলিশ কর্তারা। ছিলেন গ্রামীণ বিদ্যুদয়ন প্রকল্পের আধিকারিকরাও।
অভিযোগ, দুষ্কৃতীরা ঠিকাদার সংস্থার কর্মী ও নিরাপত্তাকর্মীদের বন্দুক ও ধারাল অস্ত্র দেখিয়ে শৌচাগারে আটকে রাখে। তারপর ৩৩ কেভিএ ট্রান্সফরমার ভেঙে তামার তার-সহ বিভিন্ন সামগ্রী লুট করেছে। রাতভর লুটপাট চলে বলে অভিযোগ। রাস্তায় পুলিশের টহলদারি ভ্যান থেকে টর্চ লাইট ফেলে সতর্কতার বার্তা দেওয়া হয়ে থাকে। প্রত্যুত্তরে সেখানকার নিরাপত্তা কর্মীরা টর্চ লাইট জ্বালিয়ে সব ঠিক আছে বার্তা দেন। মঙ্গলবার রাতে দুষ্কৃতীরাও একই কায়দায় টর্চ জ্বালিয়ে পুলিশকেও বোকা বানিয়েছে বলে সেখানকার কর্মীরা দাবি করেন। এদিন ঘটনাস্থলে যান গ্রামীণ বিদ্যুদয়ন প্রকল্পের ম্যানেজার নির্মলকান্তি বিশ্বাস। পুলিশের ডিএসপি (সদর) শৌভিক পাত্রও ঘটনাস্থলে পরিদর্শনে যান। জেলা গ্রামীণ বিদ্যুদয়ন প্রকল্পের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অরুণ নন্দী জানান, পুলিশকে যথাযথ ব্যবস্থার নেওয়ার আবেদন জানানো হয়েছে। জেলা পুলিশের এক আধিকারিক জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তাই ডিএসপি পদমর্যাদার অফিসারকে তদন্তে পাঠানো হয়।
[মেট্রোয় মত্ত যুবককে নিয়ে বিড়ম্বনায় মহিলা যাত্রীরা, নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন]
এই লুটপাটের ঘটনায় সাব স্টেশন নির্মাণের কাজে গতি হারানোর আশঙ্কা। গ্রামীণ বিদ্যুদয়ন প্রকল্পের আধিকারিক নির্মলকান্তিবাবু জানান, সশস্ত্র দুষ্কৃতীরা লুটপাট চালায়। সেখানকার কর্মী ও নিরাপত্তাকর্মীরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ তাঁরা নববর্ষ উপলক্ষে মাংস-ভাত রান্নায় ব্যস্ত ছিলেন। তিনজন রান্নাঘরে ছিলেন। আর নিরাপত্তাকর্মী নিজের ঘরে ছিলেন। সেই সময় পুলিশের পোশাকে মুখ ঢেকে চারজন ভিতরে ঢোকে। তিনজন পাইপগান ও ধারাল অস্ত্র নিয়ে রান্নাঘরে ঢোকে। আর এক জন নিরাপত্তকর্মীর ঘরে যায়। রান্নাঘরে ছিলেন বরুণ হাজরা নামে এক কর্মী। তিনি জানান, আগ্নেয়াস্ত্র ও অস্ত্র দেখিয়ে তাঁদের তিনজনকে পিছমোড়া করে বেঁধে শৌচাগারে ঢুকিয়ে দেয় দুষ্কৃতীরা। আওয়াজ শুনে নিরাপত্তাকর্মী অমিত গড়াই ঘর থেকে বেরতেই দুইজন তাঁকে জাপটে ধরে ফেলে। দড়ি ও মাফলার দিয়ে তাঁকেও বেঁধে শৌচাগারে ঢুকিয়ে দেয়। তারপর কম্বল চাপাও দিয়ে দেয় তাঁদের।
বুধবার সকালে অন্য সহকর্মীরা কাজে এসে দেখেন ওই চারজন বন্দি রয়েছেন। বাঁধন খুলে তাঁদের মুক্ত করা হয়। তারপর তাঁরা দেখেন লুটপাট হয়েছে সেখানে। প্রাথমিকভাবে তাঁদের অনুমান, গাড়ি নিয়েই এসেছিল দুষ্কৃতীরা। তারপর লুটপাট চালিয়ে গাড়ি নিয়ে লুটের সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে। ঠিকাদার সংস্থার কর্তা মিনাজউদ্দিন আহমেদ জানান, চুরির ফাঁকে ওই কর্মীদের মাংস-ভাতও সাঁটিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। গত ফেব্রুয়ারি মাস থেকে এই সাব স্টেশন নির্মাণের কাজ শুরু হয়েছে। এটি গড়ে উঠলে বর্ধমান-১ ও ২ ব্লকে বিদ্যুৎ সমস্যা মিটে যাবে।
[মেলায় গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে গেলেন বৃদ্ধ]
সর্বশেষ খবর
-
মানুষ-বন্যপ্রাণ সহাবস্থানেই বাজিমাত! জঙ্গলমহলের প্রথম অভয়ারণ্য হচ্ছে পুরুলিয়ায়
-
বাড়ির থেকে ৪০০ মিটার দূরেই মৃত্যুফাঁদ! বিশ্বকর্মা পুজো থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত যুবক
-
প্রতীক নিয়ে জটিলতা হুমায়ুনের দলেও! রেজিনগরে বিধায়কপুত্রের ‘বাঁশি’ চিহ্নে লড়াই নিয়ে চরমে অনিশ্চয়তা
-
জোড়াফুলের শ্রাদ্ধ! তৃণমূলের প্রতীক ‘মৃত্যু’তে পুরোহিত ডেকে অভিনব কর্মসূচি বিজেপির
-
নন্দীগ্রামের পর রেজিনগর! মনোনয়ন প্রত্যাহার করবেন মমতার ‘শেষ সৈনিক’ রবিউলও? জল্পনা তুঙ্গে