Madhyamik Exam 2026

বিস্ফোরণে কেঁপে উঠল স্কুল, অল্পের জন্য প্রাণরক্ষা ২০০ মাধ্যমিক পরীক্ষার্থীর

এই ঘটনাটি নজরে এসেছে মধ্যশিক্ষা পর্ষদের। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন আধিকারিকরা।

Advertisement
বিক্রম রায়
বিক্রম রায়

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৬, ১৫:৪৪

options
link
বিস্ফোরণে কেঁপে উঠল স্কুল, অল্পের জন্য প্রাণরক্ষা ২০০ মাধ্যমিক পরীক্ষার্থীর
কোচবিহারের স্কুলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। ছবি: বিশ্বজিৎ দাস

মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2026) চলাকালীন অঘটন। স্কুলে মিড ডে মিল রান্নার মাঝে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। কোচবিহারের (Cooch Behar) তুফানগঞ্জের এক নম্বর ব্লকের নাককাটিগাছ হাইস্কুলের এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। অল্পের জন্য প্রাণরক্ষা হয় অন্তত ২০০ জন মাধ্যমিক পরীক্ষার্থীর। এই ঘটনাটি নজরে এসেছে মধ্যশিক্ষা পর্ষদের। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন আধিকারিকরা।

Advertisement

জানা গিয়েছে, সোমবার ওই স্কুলে মিড ডে মিল রান্না চলছিল। আচমকা গ্যাসের পাইপ লিক করে। তা থেকে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে চলে যায় গোটা সিলিন্ডার। কোনওক্রমে সিলিন্ডারটি রান্নাঘর থেকে বের করে আনা হয়। যাতে প্রত্যেক পরীক্ষার্থী সুরক্ষিত থাকে তাই স্কুলের মাঠে সিলিন্ডারটি ফেলে দেওয়া হয়। তার কিছুক্ষণের মধ্যে বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। কেঁপে ওঠে স্কুলচত্বর-সহ গোটা এলাকা। মাধ্যমিক পরীক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারাও জড়ো হয়ে যান। স্কুলের বাইরে অপেক্ষারত অভিভাবকরাও দৌড়ে আসেন। কিছুক্ষণের মধ্যে শিক্ষকদের আশ্বাসে স্কুল পড়ুয়ারা শান্ত হয়। আবার পরীক্ষা দেওয়া শুরু করে তারা। এই ঘটনার খবর পৌঁছয় মধ্যশিক্ষা পর্ষদে। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন আধিকারিকরা। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, সোমবার থেকে শুরু হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2026)। শেষ হবে আগামী ১২ তারিখ। পরীক্ষা শুরু হয় সকাল ১০টা ৪৫ থেকে। শেষ হওয়ার কথা দুপুর ২টোয়। মাধ্যমিক পরীক্ষায় যাতে পরীক্ষার্থীদের কোনও অসুবিধা না হয়, সে কারণে একাধিক ব্যবস্থা করেছে রাজ্য সরকার। পরিবহণ দপ্তরের তরফে অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হয়েছে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলির ১৫টি রুটে কুড়িটিরও বেশি বাস চলছে। আবার উত্তরবঙ্গের পরীক্ষাকেন্দ্রগুলিতে মূল সমস্যা হাতির আনাগোনা। সেখানকার পরীক্ষার্থীরা যাতে বিপদে না পড়ে তাই পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর জন্য বনদপ্তরের তরফে বিশেষ বন্দোবস্তও করা হয়েছে। 

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন