Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
Sayak Chakraborty

মেকআপ রুমে শিশুশিল্পীর ‘যৌন হেনস্তা’য় অভিযুক্ত সায়ক? লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলের পোস্টে জল্পনা

অর্ক নিজে পোস্টে কারও নাম উল্লেখ না করলেও অনেকেই বলছেন ইঙ্গিত নাকি তেমনই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৬, ১২:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৬, ১২:৫৩

options
link
মেকআপ রুমে শিশুশিল্পীর ‘যৌন হেনস্তা’য় অভিযুক্ত সায়ক? লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলের পোস্টে জল্পনা zoom
লীনাপুত্র অর্ক গঙ্গোপাধ্যায়ের ইঙ্গিতপূর্ণ পোস্টের নিশানায় সায়ক, জোর জল্পনা। ছবি: ফেসবুক
Advertisement

বিখ্যাত ধারাবাহিকের মেকআপ রুমে শিশুশিল্পীর যৌন হেনস্তার অভিযোগ। অতীতের ঘটনা উল্লেখ করে সোশাল মিডিয়ায় পোস্ট লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে অর্ক। আর ওই পোস্ট ঘিরেই দানা বেঁধেছে জল্পনা। তবে কি অর্কর নেপথ্যে ‘বিতর্কিত’ ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)। অর্ক নিজে পোস্টে কারও নাম উল্লেখ না করলেও অনেকেই বলছেন ইঙ্গিত নাকি তেমনই।

অর্ক সোশাল মিডিয়ায় লেখেন, “একজন ভাইরাল ব্লগার যিনি বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে, কয়েক বছর আগে তাঁর বিরুদ্ধে শিশুশিল্পীকে যৌন হেনস্তার অভিযোগ ওঠে। এই ঘটনাটি একটি বিখ্যাত ধারাবাহিকের মেকআপ রুমে ঘটেছিল। যে ধারাবাহিকের প্রযোজক সংস্থা ছিল বেশ নামজাদা। এই ঘটনা ওই প্রযোজক সংস্থার সামনে আসার আগে থেকে অনেকেই জানতেন। এমনকী শিশুশিল্পীর মা-ও। অভিযুক্ত ব্লগার সকলের সামনে ক্ষমা চান। তারপর ধীরে ধীরে সবই স্বাভাবিক হয়ে যায়। দুর্ভাগ্যবশত আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে দুর্ব্যবহার এমনকী যৌন হেনস্তার মতো অভিযোগকেও মানিয়ে নেওয়া হয়। ধারাবাহিক কিংবা সিনেমার সেটও ব্যতিক্রম নয়।” অর্ক আরও লেখেন, “তবে বর্তমান ঘটনার দায় সকলকে নিতে হবে। কারণ, আমরাই অপরাধীকে আবার অপরাধ করার সুযোগ দিয়েছি। অপরাধের ধরন হয়তো বদলাতে পারে। কিন্তু অপরাধীর ঘৃণ্য মানসিকতার কখনও কোনও বদল হয় না। হয়তো একই থাকে।”

Advertisement

আর এই পোস্ট নিয়ে সোশাল মিডিয়ায় চলছে জোর চর্চা। অর্কর পোস্টের কমেন্ট সেকশনে অনেকেরই প্রশ্ন লীনাপুত্র কি সায়ককে ইঙ্গিত করছেন। কারণ, সম্প্রতি ইনফ্লুয়েন্সার সায়ককে নিয়ে সোশাল মিডিয়ায় চলছে জোর কাটাছেঁড়া। বিগত চব্বিশ ঘণ্টায় গোমাংস বিতর্ক নিয়ে সোশাল পাড়ায় রীতিমতো ঝড়। বেয়ারার ধর্ম পরিচয় উল্লেখ করে হুঁশিয়ারি দাগায় সমালোচিত হতে হয়েছে সায়ককেও। অলি পাব ইতিমধ্যেই বিবৃতি জারি করে ভুল স্বীকার করেছে। আর তারপরই ওই রেস্তরাঁর কর্মীর বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় দায়ের করা এফআইআর প্রত্যাহার করে নিয়েছেন অভিনেতা। তবে তাতেও বিতর্ক পিছু ছাড়ছে না সায়কের। তাই অনেকেরই অনুমান, অর্কর নিশানায় সায়কই। যদিও অর্ক এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.