স্টাফ রিপোর্টার: ঘূর্ণিঝড় ‘ভারদা’ যত দুর্বল হবে ততই রাজ্যের আকাশে ঢুকবে উত্তুরে হাওয়া৷ যার সঙ্গে পাল্লা দিয়েই কমবে তাপমাত্রা৷ এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর৷ আবহাওয়াবিদদের আশা আগামী সপ্তাহজুড়ে ঠান্ডার এই আমেজ থাকবে৷ নতুন করে কোনও ঘূর্ণাবর্ত তৈরি না হলে শীতের পথে কোনও বাধা তৈরি হওয়ার সম্ভাবনা নেই৷ সেক্ষেত্রে ১৫ ডিসেম্বর না হলেও ২০ তারিখ নাগাদ রাজ্যে শীত আসার সম্ভাবনাও প্রবল৷ আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার ও সোমবার আবহাওয়া একই রকম থাকার সম্ভাবনা৷ পরিষ্কার আকাশের পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫-১৬ ডিগ্রির আশেপাশে৷ রাতের দিকে তাপমাত্রা আরও কম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে৷
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ঘূর্ণিঝড় ‘ভারদা’ অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে৷ এই ঘূর্ণিঝড়ের প্রভাব কাটলেই জাঁকিয়ে শীতের আমেজ পাবে রাজ্যবাসী৷ শুক্রবার সকাল থেকে তাপমাত্রা কমতে শুরু করে৷ শনিবার সকালে তাপমাত্রা আরও এক ডিগ্রি কমেছে স্বাভাবিকের তুলনায়৷
ভোর থেকে বেলা পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা৷ এই কারণে স্বাভাবিক ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে৷ তার প্রভাব পড়ছে এই রাজ্যেও৷ হাওড়ায় ফিরতি ট্রেনগুলি যথাসময়ে না পৌঁছনোয় শনিবার বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল কিংবা ছাড়ার সময় পরিবর্তন হয়েছে৷ ঠান্ডার আমেজকে সঙ্গে নিয়েই কি রাজ্যে শীত ঢুকে পড়ল? রাজ্যে শীত ঢুকে পড়েছে এই তথ্যে এখনই শিলমোহর দিতে নারাজ আবহাওয়া অফিস৷ কারণ হিসাবে তাঁরা জানাচ্ছেন, নিম্নচাপ অন্ধ্র উপকূলের দিকে সরে গেলেও সেখানে কী পরিস্থিতি হয় তার উপরেও এ রাজ্যের আবহাওয়ার ভবিষ্যত্ অনেকটাই নির্ভর করছে৷ ভোরের দিকে কুয়াশার দাপট কিছুটা কমার পাশাপাশি প্রখর রোদ শীতের আমেজকে আরও একটু ইন্ধন জুগিয়ে চলেছে৷ ফলে বিকেল চারটে বাজার সঙ্গে সঙ্গেই ঠান্ডা হয়ে যাচেছ শহরবাসীর হাতের তালু৷ সাতসকালেই আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি৷ যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম৷ আর এতেই সকাল থেকে গায়ে উঠেছে সোয়েটার৷ বাড়ির ছাদে উঁকি দিতে শুরু করেছে কম্বলে রোদ খাওয়ানোর প্রক্রিয়া৷
ঠান্ডার এই আমেজের আনন্দ নিতে ব্যস্ত এখন ভ্রমণপিপাসু বাঙালি৷ এ বছরের প্রথম শীতের আমেজ শহরে ঢুকতেই রবিবার সকাল থেকে এক ধাক্কায় যেন ময়দানের ভিড়টা বেড়েছে চোখে পড়ার মতো৷ ভোরের শিশিরের ছোঁয়া উপভোগ করতে সকাল থেকেই ময়দানে ভিড় বাড়িয়েছেন বহু লোক৷
সর্বশেষ খবর
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের
-
নিজেই নিজেকে গুনবেন! রাজ্যে স্ব-গণনায় বিশেষ পোর্টাল খুলে বড় পদক্ষেপ কেন্দ্রের
-
বাম আমলে ‘খুন’, প্রতিজ্ঞা পূরণ করে ৩৪ বছর পর বিজেপিকর্মী বাবার শ্রাদ্ধানুষ্ঠান করলেন ছেলেরা
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারে অভিযান শুরু অধিনায়ক শ্রেয়সের, বৈভবকে না খেলিয়েই ভুগল ভারত!