গতকাল, শনিবার ছিল দেশের ৮০ তম স্বাধীনতা দিবস। আর সেই রাতেই ভাঙা হল বিরসা মুণ্ডা, ডক্টর বি আর আম্বেদকরের মূর্তির একাংশ! ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ, রবিবার ওই দুই মূর্তি ঠিক করার কাজ শুরু হয়। কে বা কারা এই ন্যক্কারজনক ঘটনা ঘটাল? পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।
নদিয়ার তাহেরপুর থানার মহিষডাঙা মূলত আদিবাসী অধ্যুষিত এলাকা। গতকাল, দিনভর স্থানীয় বাসিন্দারা স্বাধীনতা দিবসের উৎসবে সামিল হয়েছিলেন। অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এলাকায় ঢুকে দুই মনীষীর মূর্তির একাংশ ভেঙে দেয়। স্থানীয় বাসিন্দাদের সকালে ওই ঘটনা নজরে আসে। ক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর দেওয়া হয় পুলিশে।
এদিন মহিষডাঙা এলাকায় পৌঁছয় তাহেরপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মূর্তি ভাঙচুরের বিষয়টি খতিয়ে দেখে। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কী উদ্দেশ্যে মূর্তি ভাঙা হয়েছে? সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। রাতের অন্ধকারে কারা এলাকায় ঢুকেছিল, সেই তথ্যও জানার চেষ্টা চলছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই ভেঙে যাওয়া মূর্তির ওইসব অংশ মেরামতের উদ্যোগ নেন। তাঁদের দাবি, দুই মনীষীর প্রতি এই অশ্রদ্ধা কোনওভাবেই মেনে নেওয়া হবে না। ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
গত বছর করম পুজোর সময় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে ওই দুই মনীষীর মূর্তি বসানো হয়েছিল। কারা এই দুষ্কর্ম করল? সেই চর্চা চলছে। ইতিমধ্যেই তাহেরপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
শিবপুর বিই কলেজে শ্যামাপ্রসাদের নামে হস্টেল, উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত
-
মাত্র ২৭ বছরেই চিরবিদায়, প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ
-
বৈভবের ছায়ায় ঢাকা, আচরণেও সমস্যা! রাজস্থান ছাড়ছেন যশস্বী? কিনতে আগ্রহী এক ফ্র্যাঞ্চাইজি
-
১৩ বছরের টানাপোড়েন থেকে মুক্তি, সোমবার থেকেই জাইকার জল পুরুলিয়ায়
-
‘নালসার’ পর আরও এক আইন কলেজ, সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণে আপত্তি শিক্ষার্থীদের