Murshidabad

বন্ধ হচ্ছে মুর্শিদাবাদের সেই ‘অভিশপ্ত’ রেলগেট! রাজ্যকে বড় প্রস্তাব পাঠাচ্ছে রেল

দুর্ঘটনাগ্রস্ত ২৪এ/২ নম্বর রেলগেটটি তুলে দেওয়া হবে ? এই প্রস্তাবই পাঠাতে চলেছে রেল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৩, ২০২৬, ১৭:২১

options
link
বন্ধ হচ্ছে মুর্শিদাবাদের সেই ‘অভিশপ্ত’ রেলগেট! রাজ্যকে বড় প্রস্তাব পাঠাচ্ছে রেল
গোবিন্দপুরে সাবওয়ে তৈরির প্রস্তাব দিল রেল।

মুর্শিদাবাদের গোবিন্দপুর রেলগেটে ট্রেনের ধাক্কায় ৪ পড়ুয়া-সহ ৫ জনের মৃত্যুর পর রাজ্যকে গুরুত্বপূর্ণ প্রস্তাব পাঠাতে চলেছে রেল। দুর্ঘটনাগ্রস্ত ২৪এ/২ নম্বর রেলগেটটি তুলে দিয়ে সেখানে সাবওয়ে তৈরির প্রস্তাব দেওয়া হচ্ছে। শীঘ্রই রাজ্যকে এই প্রস্তাব পাঠাতে চলেছে রেল। রাজ্য এই প্রস্তাব মেনে নিলে শীঘ্রই গোবিন্দপুরের ওই অভিশপ্ত রেলগেটটি তুলে দিয়ে সেখানে সাবওয়ে তৈরি হবে।

Advertisement

গত শুক্রবার অর্থাৎ ১৭ জুলাই মুর্শিদাবাদের কর্ণসুর্বণে ঘটে গিয়েছে ভয়ংকর দুর্ঘটনা। পুলকার ও সাইকেলে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ৪ পড়ুয়া-সহ ৫ জনের। আজ, বৃহস্পতিবার মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে কর্ণসুবর্ণে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন সভামঞ্চে ওঠার আগেই সোজা তিনি চলে যান স্বজনহারাদের কাছে। কথা বলেন, আশ্বাস দেন সবসময় পাশে থাকার। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, “চোখের জল ছাড়া আমার ব্যক্তিগতভাবে দেওয়ার কিছু নেই। তবে আমার পক্ষে যা সম্ভব আমি করব।” তবে রাজ্যের তরফে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে অর্থ সাহায্য ঘোষণা করা হয়েছে। আহতদের দেওয়া হবে ১ লক্ষ টাকা। দুর্ঘটনার দিন রেলের তরফেও মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা ও আহতদের পরিবারপিছু আড়াই লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে রেল।

Advertisement

জানা যায়, নেশাগ্রস্ত থাকায় রেলগেট বন্ধ করতে ভুলে গিয়েছিলেন গেটম্যান। সেই কারণেই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার দিনই তাঁকে সাসপেন্ড করা হয়। বহরমপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে তাঁকে। তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার ঘটনাস্থলে যাতে আর কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই কারণে রেলগেটটিই তুলে দিতে চাইছে রেল। সেখানে সাবওয়ে তৈরির প্রস্তাব রাজ্যকে দেওয়া হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.