Weather Update

‘দারুণ অগ্নিবাণ’ থেকে রেহাই! দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে বৃষ্টি, কালবৈশাখী

চলতি সপ্তাহে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? বিস্তারিত জানাল আবহাওয়া অফিস।

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: মে ২৫, ২০২৬, ০৯:৫৯

options
link
‘দারুণ অগ্নিবাণ’ থেকে রেহাই! দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে বৃষ্টি, কালবৈশাখী
তীব্র দাবদাহ থেকে রেহাই দিয়ে দক্ষিণবঙ্গে বৃষ্টির সুখবর শোনাল হাওয়া অফিস

জ্যৈষ্ঠের শুরু থেকেই তেজ দেখিয়েছে প্রখর গ্রীষ্ম। সূর্যরশ্মি, আর্দ্রতা আর শুষ্ক আবহাওয়ায় ভোর থেকে রাত পর্যন্ত দক্ষিণবঙ্গে গলদঘর্ম অবস্থা জনতার। মাঝেমধ্যে ছিঁটেফোঁটা বৃষ্টি হলেও মরুভূমিসম রাস্তায় তা বাষ্প হয়ে যেতে সময় লাগছে কয়েক মুহূর্তেরও কম। দিনের বেলায় পথেঘাটে বেরনোই দায়! তবে এমন ‘দারুণ অগ্নিবাণ’ থেকে রেহাই পাওয়ার সুখবর শুনিয়েছে হাওয়া অফিস। সোমবার অর্থাৎ সপ্তাহের প্রথম দিন থেকে দক্ষিণবঙ্গ বৃষ্টিতে ভিজবে বলে পূর্বাভাস। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং তার জেরে সপ্তাহান্তে তাপমাত্রা নামতে পারে ২ থেকে ৪ ডিগ্রি সেন্টিগ্রেড।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বিহারে তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। এতে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত অক্ষরেখা যা ঝাড়খণ্ড-ওড়িশার উপর দিয়ে গিয়েছে, তার প্রভাবে বাংলায় ঢুকতে চলেছে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প। তার পরিমাণ বাড়তে থাকায় বৃষ্টির সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। বুধবার থেকে ভালো পরিমাণ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহবিদদের। আজ ও আগামিকাল অর্থাৎ সোম, মঙ্গল বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বিকেল থেকে রাতের ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থেকে আপাতত রক্ষে নেই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের।

Advertisement

হাওয়া অফিসের পূর্বাভাস, বুধবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়তে থাকায় গরম ও অস্বস্তি থেকে আপাত রেহাই মিলতে পারে। বুধবার থেকে তিনদিন কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বুধে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় এই সম্ভাবনা বেশি। বৃহস্পতিবার পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলি এবং বাঁকুড়া জেলায় হতে পারে কালবৈশাখী। শুক্রবার এই সম্ভাবনা বেশি থাকবে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায়। এই তিনদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শনিবারেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। তার জেরে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।

Advertisement

উত্তরবঙ্গের আবহাওয়া অবশ্য সম্পূর্ণ উলটো। সেখানে আজও ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা। বুধবারেও ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাজপুর জেলায়। দার্জিলিং থেকে মালদহ – সব জেলাতেই বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ও বৃষ্টির পূর্বাভাস। বুধবারের পর ভারী বৃষ্টির সতর্কতা নেই। ঝড় বৃষ্টির সম্ভাবনাও কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.