West Bengal Weather Update

চৈত্রেও শীতল আবহাওয়া! বিক্ষিপ্ত ঝড়বৃষ্টিতে কমল কলকাতার তাপমাত্রা, কী বলছে হাওয়া অফিস

কোন কোন জেলায় কালবৈশাখী, দুর্যোগের আশঙ্কা? জেনে নিন পূর্বাভাস।

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: এপ্রিল ৬, ২০২৬, ১২:৩৫

options
link
চৈত্রেও শীতল আবহাওয়া! বিক্ষিপ্ত ঝড়বৃষ্টিতে কমল কলকাতার তাপমাত্রা, কী বলছে হাওয়া অফিস
প্রতীকী ছবি।

চৈত্রের তীব্র দহনের মাঝেও শীতল আবহাওয়া! রবিবার বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির কারণে সোমবার সকালে কলকাতার তাপমাত্রা নামল বেশ খানিকটা। ভোরের দিকে অনুভূত হল ঠান্ডা। আবহাওয়া অফিসের পূর্বাভাস, চলতি সপ্তাহভর ঝড়বৃষ্টির দাপট চলবে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার পাশাপাশি উত্তরের পার্বত্য জেলাগুলিতেও ঝড়ঝঞ্ঝা হতে পারে। সোমবার সকালে আংশিক মেঘলা আকাশ। বেলায় মেঘলা পরিবেশ। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে বিকেলের দিকে।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখা ছত্তিশগড়ের উপর দিয়ে গিয়েছে। রাজ্যে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি। কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস। ঝড়বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা মঙ্গলবার ও বুধবার।

Advertisement

দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা – হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। মঙ্গলবার থেকে দুর্যোগ বাড়তে পারে। বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং বীরভূমে শিলাবৃষ্টির সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে কালবৈশাখীর সম্ভাবনা। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় ও সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। কলকাতা-সহ বাকি সব জেলাতেই ঝড়বৃষ্টি। বুধবার পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনা জেলায় ঝড়বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। কলকাতা শহর দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ঝড়বৃষ্টি। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে।

Advertisement

উত্তরবঙ্গে আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি – পাঁচ জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার জেলাতে হতে পারে শিলাবৃষ্টি এবং বজ্রপাত। ভারী বৃষ্টি আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। বৃহস্পতিবার পার্বত্য পাঁচ জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

কলকাতায় দিনভর মেঘলা আকাশ ও ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রা কমল অনেকটাই। বিকেল বা সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। মঙ্গলবার ও বুধবার ঝড়বৃষ্টির পরিমাণ ব্যাপকতা বাড়তে পারে। হতে পারে কালবৈশাখীও। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২২.৭ ডিগ্রি সেন্টিগ্রেড। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫৩ থেকে ৯৩ শতাংশ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.