সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবারই আশার আলো জাগিয়ে ব্রিটেনে শুরু হয়েছিল করোনার গণ টিকাকরণ। কিন্তু তাল কাটল ২৪ ঘণ্টার মধ্যেই। জানা গেল, যাঁদের অ্যালার্জির ইতিহাস রয়েছে, তাঁদের ফাইজারের (Pfizer) করোনা প্রতিষেধক না নেওয়ার পরামর্শ দিয়েছেন ব্রিটেনের স্বাস্থ্যকর্তারা।
কেন? কারণ মঙ্গলবার যে সমস্ত মানুষ এই ভ্যাকসিন নেন, তাঁদের মধ্যে দু’জনের আগেই অ্যালার্জি ছিল। টিকা নেওয়ার পর দু’জনের শরীরেই তীব্র প্রতিক্রিয়া হয়েছে। তারপরই এই সতর্কতামূলক পরামর্শ দেওয়া হয়েছে।
[আরও পড়ুন: ‘খেসারত দিতে হবে’, করোনা পরিসংখ্যান নিয়ে দক্ষিণ কোরিয়াকে কড়া বার্তা কিমের বোনের]
গত সপ্তাহেই ব্রিটেনে গণ টিকাকরণের (Covid-19 vaccine) ছাড়পত্র পায় ফাইজার ও বায়োএনটেকের সম্ভাব্য কোভিড প্রতিষেধক। বরিস জনসনের সরকার জানিয়েছিল, “স্বাধীন দায়িত্বপ্রাপ্ত সংস্থা মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি অর্গানাইজেশন (MHRA) এই সম্ভাব্য প্রতিষেধক ব্যবহারের পরামর্শ দিয়েছে। সেই প্রস্তাব মেনে নেয় ব্রিটিশ সরকারও। আগামী সপ্তাহ থেকেই ব্রিটেনের সর্বত্র এই প্রতিষেধক মিলবে।” তবে টিকাকরণ শুরু হলেও পরিবর্তিত পরিস্থিতিতে এই সিদ্ধান্তে সামান্য বদল আনা হয়েছে বলেই জানান, জাতীয় স্বাস্থ্য পরিষেবার মেডিক্যাল ডিরেক্টর স্টিফেন পোইস (Stephen Powis)। তিনি জানান, অ্যালার্জিপ্রবণ দুই ব্যক্তির শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। দ্রুত সুস্থ হয়ে উঠছেন তাঁরা। তাঁদের সুস্থতার হারও স্বস্তিজনক। তবে আপাতত সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অ্যালার্জির ইতিহাস আছে, এমন মানুষকে এই প্রতিষেধক দেওয়া যাবে না।
এ নিয়ে আরও কোনও তথ্য পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখছে MHRA। ফাইজার ও বায়োএনটেক MHRA-এর তদন্তের উপর নির্ভর করেই পরবর্তী পদক্ষেপ করবে। ফাইজারের তরফে এও জানানো হয়েছে, যাঁদের অতিরিক্ত অ্যালার্জির প্রবণতা রয়েছে, শেষ ট্রায়ালে তাঁদেরকে তালিকা থেকে বাদই রাখা হয়েছিল। ফলে আপাতত এই রোগের অতীত খোঁজখবর নেওয়ার পরই ব্রিটেনবাসীদের ভ্যাকসিন দেওয়া হবে।
[আরও পড়ুন: মার্কিন প্রেসিডেন্ট পদে তিনিই থাকছেন, ফের বিতর্ক উসকে দাবি ডোনাল্ড ট্রাম্পের]
এদিকে ব্রিটেনের পর ফাইজার ও বায়োএনটেকেরকে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দিয়ে দিল কানাডাও। অর্থাৎ শীঘ্রই সেখানেও এই ভ্যাকসিনের ব্যবহার শুরু হবে।
সর্বশেষ খবর
-
গান্ধীজয়ন্তীতে মহাচমক! বাপুকে স্মরণ করে ‘জাতির জনক’ অবতারে এলেন মনোজ বাজপেয়ী
-
সোশাল মিডিয়ায় জাত তুলে গালি, তফসিলি জাতি-উপজাতি আইনে বিচার হবে, রায় কলকাতা হাই কোর্টের
-
১৯৬৭-তে চন্দননগরে আসেন সন্ন্যাসী সুভাষচন্দ্র! কেউ জানত না?
-
অবশেষে খুলল পাক আকাশসীমা, মধ্যরাতেই ঢাকা পৌঁছবে রুশ পরমাণু জ্বালানি
-
সানরাইজার্স ছাড়ছেন ‘অখুশি’ অভিষেক! তারকা ব্যাটারকে নিতে ঝাঁপাচ্ছে কোন দলগুলো?