সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক যেন পিছু ছাড়তে চাইছে না ‘উড়তা পাঞ্জাব’-এর৷ বেশ কিছু দিন ধরে লড়াই-হাঙ্গামার পর বম্বে হাই কোর্ট ছবি মুক্তিতে সবুজ সঙ্কেত দিয়েছিল৷ অনেক কাঠ-খড় পুড়িয়ে ছবির বেশ কিছু দৃশ্যকে সিবিএফসি-র কাঁচির হাত থেকে রক্ষাও করা গিয়েছিল৷ যুদ্ধ শেষে প্রযোজক অনুরাগ কাশ্যপ থেকে ছবির অভিনেতা শাহিদ কাপুর, সকলে যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, তখনই ঘটল নয়া বিপত্তি!
এবারের ঘটনাটা রীতিমতো রাতের ঘুম উড়িয়ে দিল পরিচালক অভিষেক চৌবের৷ ১৭ জুন অর্থাৎ আগামী শুক্রবার ‘এ’ তকমা গায়ে চাপিয়ে ছবিটি সারা দেশে মুক্তি পাওয়ার কথা৷ কিন্তু তার আগেই ছবির বেশ কিছুটা অংশ অনলাইনে লিক হয়ে গিয়েছে বলে শোনা যাচ্ছে৷ Spotboye.com-এর রিপোর্ট অনুযায়ী, যে দৃশ্যের কপি সেন্সর বোর্ডের কাছে জমা পড়েছিল, সেই অংশটিই নাকি প্রকাশ্যে চলে এসেছে৷ কারণ কপিটিতে ‘ফর সেন্সর’ ওয়াটার মার্ক দেখতে পাওয়া যাচ্ছে৷ এখানেই শেষ নয়! অন্য একটি সংবাদমাধ্যমের দাবি, বিভিন্ন ওয়েবসাইটে নাকি পুরো ছবিটিই মুক্তি পেয়ে গিয়েছে৷ অর্থাৎ প্রেক্ষাগৃহে আসার আগেই বাড়ি বসে দর্শকরা অনলাইনে ছবিটি দেখে নিতে পারবেন৷ আর তাতেই মাথায় হাত পরিচালক-প্রযোজকদের!
পাঞ্জাবে মাদক সেবনকে কেন্দ্র করে তৈরি ‘উড়তা পাঞ্জাব’-এর প্রেক্ষাপট৷ মুক্তি পাওয়ার আগেই দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে ছবির বিষয়বস্তু৷ আদালতের লড়াই জিতে নিলেও ওয়েবসাইটগুলোকে কি আটকাতে পারবেন ছবির কলাকুশলীরা? নাকি এবারের ঘটনা নেহাতই পাবলিসিটি স্টান্ট! কে জানে!
সর্বশেষ খবর
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র
-
SIR-এ বাদ, ট্রাইব্যুনালেও ওঠেনি নাম, হতাশায় চরম সিদ্ধান্ত কালনার যুবকের!
-
নাম জড়ায় ভূপেশ বাঘেল, রণবীর কাপুরদের! গ্রেপ্তার সেই মহাদেব বেটিং অ্যাপের কিংপিং