এনআরএস থেকে ‘মেট্রো দাদু’, নেটদুনিয়ায় সামাজিক ইস্যু তুলে ফের ভাইরাল কলকাতার র‍্যাপার

একাধিক ভাষায় গাওয়া হয়েছে ওই র‍্যাপ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০১৯, ১৬:১০

options
link
এনআরএস থেকে ‘মেট্রো দাদু’, নেটদুনিয়ায় সামাজিক ইস্যু তুলে ফের ভাইরাল কলকাতার র‍্যাপার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের র‍্যাপের মাধ্যমে নেটিজেনদের মন জয় করে নিলেন কলকাতার র‍্যাপার শান্থানাম শ্রীনিবাসন আইয়ার। আবারও নিজের গানের মাধ্যমে প্রশাসনকে ঠুকলেন তিনি। তবে এবার তিনি একা নন। তাঁর সঙ্গে আরও তিনজন র‍্যাপ করেছেন। হিন্দি ছাড়া বাংলা ও নেপালি ভাষাতে হয়েছে ওই একই র‍্যাপ।

Advertisement

কিছুদিন আগে কৃষকদের দুরবস্থার কথা নিয়ে র‍্যাপ করে নেটদুনিয়া মাতিয়েছিলেন তিনি। এবার তাঁর র‍্যাপ সমালোচনা করল মোদি সরকারের। যেন র‍্যাপার ডিভাইনের আদর্শেই অনুপ্রাণিত হয়েছেন কলকাতার শান্থানাম। র‍্যাপার রফতার বা হানি সিংয়ের রাস্তায় যে তিনি হাঁটেননি, তাঁর গানের শব্দচয়নই তার প্রমাণ। ডিভাইন যেমন তাঁর গানে দারিদ্র, দুঃখের কথা তুলে ধরেন তেমনই দেশের সমস্যার কথা নিয়ে র‍্যাপ বাঁধেন শান্থানাম। ইতিমধ্যেই তিনি রক, অলটারনেটিভ রক, হার্ড রক, প্রোটেস্ট পোয়েট্রির মতো চার ধরনের সংগীতকেই রপ্ত করেছেন। কিন্তু ভিড়ের মাঝে তিনি ব্যতিক্রমী শুধুমাত্র তাঁর গানের বিষয়বস্তুর জন্য।

Advertisement
[ আরও পড়ুন: যৌন নিগ্রহের অভিযোগ নিয়ে মুখ খুললেন বাচিক শিল্পী জগন্নাথ বসু ]

সম্প্রতি শান্থানামের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি কলকাতার এনআরএসের ঘটনা যেমন তুলে এনেছেন, তেমনই তুলে এনেছেন মেট্রো-দাদুদের কীর্তিকলাপ। গানে উঠে এসেছে পরিবেশের কথাও। প্লাস্টিক জমে নিকাশি ব্যবস্থা যে বেহাল, তা বলা হয়েছে গানে। বাদ যায়নি রাজনীতির ক্ষেত্রও। সারদা কাণ্ড থেকে মদন মিত্রের কথা স্থান পেয়েছে গানে। বিশ্বকাপ চলার সময় বিহারে এনসেফালাইটিস আক্রান্তদের নিয়ে কেউ মাথা ঘামায়নি, তাও বলা হয়েছে। সঙ্গে অবশ্য র‍্যাপার এও বলেছেন, ল্যাদখোর বাঙালি অবশ্য এত খবর বিশ্লেষণ করার ধার ধরে না। বরং দুপুরে মাছ-ভাত খেয়ে ‘ন্যাপ’ নিতেই ভালবাসে তারা। আর বিকেলের আড্ডা মানেই সিসিডি-স্টারবাকস। 

Advertisement

কলকাতাতেই বেড়ে ওঠা শান্থানাম শ্রীনিবাসন আইয়ারের। ছোট থেকেই গানের প্রতি ঝোঁক ছিল তাঁর। শুরু থেকে হার্ড রক টানত তাঁকে। ২০১০ সালে ‘আন্ডারগ্রাউন্ড অথরিটি’ নামে একটি ব্যান্ড তৈরি করেন শান্থানাম। তাঁর সঙ্গে ছিলেন আদিল রশিদ, সৌম্যদীপ ভট্টাচার্য এবং সৌরিশ কুমার। শহর থেকে শহরতলির বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠান করতে শুরু করেন তাঁরা। ধীরে ধীরে বেশ সাফল্য পায় ‘আন্ডারগ্রাউন্ড অথরিটি’। এই ব্যান্ডটি সবসময়ই একটু অন্যরকম বিষয় ভাবনাকে বেছে নেয়। পথচলার শুরুতে বর্তমান যুগের বাবা-মায়েদের সন্তানের কেরিয়ার নিয়ে ভাবনাচিন্তাকে পাথেয় করে র‍্যাপ করেছিল ‘আন্ডারগ্রাউন্ড অথরিটি’। যা মন ছুঁয়েছিল দর্শকদের।

[ আরও পড়ুন: ‘বাতিল চিঠি’- চিত্রনাট্যের বর্ণময়তায় ফেলে আসা সময় উদযাপন ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.