গোড়া থেকেই রণবীর কাপুরের ‘রাম’ অবতার ঘিরে চরম বিতর্ক! রঘুনন্দনের বেশে কাপুরনন্দনকে দেখে এযাবৎকাল ইন্ডাস্ট্রির অন্দরের অনেকেরই ভ্রুযুগল আন্দোলিত হয়েছে! কেউ ‘গোমাংস ভক্ষণ করা’ অভিনেতাকে রামের ভূমিকায় দেখে আপত্তি তুলেছিলেন, তো কারও কাছে বা আবার বেমানান ঠেকেছে রণবীরের (Ranbir Kapoor) লুক। বিশেষ করে ‘অ্যানিম্যাল’-এর মতো উগ্র পৌরুষত্বের ছবি করার পর একেবারে বিপরীতধর্মী চরিত্র রঘুনন্দনের ভূমিকায় তাঁর অভিনয় করা নিয়ে আপত্তি উঠেছিল ইন্ডাস্ট্রির অন্দরমহল থেকেও। প্রশ্ন উঠেছিল, ‘অ্যানিম্যাল’-এ নৃশংস চরিত্রে দেখার পর কাপুরনন্দনকে কীভাবে রামের ভূমিকায় মেনে নেবেন দর্শক? সেই বিতর্কযজ্ঞে এবার ঘৃতাহূতি করল ‘শক্তিমান’ মুকেশ খান্না (Mukesh Khanna)।
আরও পড়ুন:
“আপনারা তো রামকে সলমন খান, অমিতাভ বচ্চন, রজনীকান্তদের মতো বানিয়ে ফেলেছেন। না ভাই, রাম তো রামই— …”
বলিউড তারকাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করতে বরাবরই মুকেশের জুড়ি মেলা! রণবীর সিংকেও তিন ঘণ্টা নিজের অফিসে বসিয়ে রেখে ‘শক্তিমান’ নিয়ে সিনেমা করার অনুমতি দেননি তিনি। এবার মুকেশের রোষানলে রণবীর কাপুর। নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এর ট্রেলার দেখে বেজায় বিরক্ত হয়েছেন তিনি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কাপুরনন্দনের এই মেগাবাজেট মহাকাব্যের অ্যাকশন দৃশ্য এবং ভিজ্যুয়াল এফেক্টস নিয়ে প্রশ্ন তুলেছেন টেলিপর্দার ‘শক্তিমান’। নির্মাতাদের তোপ দেগে মুকেশের মন্তব্য, “আপনারা তো রামকে সলমন খান, অমিতাভ বচ্চন, রজনীকান্তদের মতো বানিয়ে ফেলেছেন। না ভাই, রাম তো রামই— মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম। উনি মৃদু হাসতেন। এমনকী সমুদ্রতটে দাঁড়িয়ে করজোড়ে বলতেন, ‘সরে দাঁড়াও, আমাকে এগিয়ে যেতে হবে’। তাই এখন যদি আপনারা শ্রীরামকে ‘মর্যাদা পুরুষোত্তম’-এর থেকে একজন অ্যাকশন হিরোর মতো করে তুলে ধরেন, তাহলে বলব, ভগবান রাম তো এভাবে যুদ্ধ করেননি। তিনি যদি এভাবেই যুদ্ধ করতেন, তবে বানর সেনার সাহায্যের প্রয়োজন হত কেন?” এখানেই অবশ্য থামেননি তিনি।

‘রামায়ণ’-এ অতিরিক্ত ভিএফএক্স-এর ব্যবহারেও আপত্তি তোলেন মুকেশ খান্না। ‘শক্তিমানে’র মন্তব্য, “এই সিনেমাটা হয়তো ‘স্টার ওয়ার্স’-এর মতো ব্যবসা করবে। তবে ভারতীয়দের কতটা বিশ্বাস, আস্থা অর্জন করতে পারবে, তা নিয়ে সন্দেহ রয়েছে! কারণ আমরা তো বড়পর্দায় আর শুধু স্পেশাল এফেক্টস দেখতে যাব না।” মুকেশের এহেন মন্তব্য ছড়িয়ে পড়তেই ভক্তদের একাংশ অসন্তোষ প্রকাশ করেছেন। শক্তিমানের ঢিলে পালটা পাটকেল ছুড়ে তাঁদের মন্তব্য, ‘আপনি একটু চুপ করুন তো! সব বিষয়ে আপনার এত সমস্যা কেন?’ আসলে ‘রামায়ণ’-এর জন্য ধনুকভাঙা পণ করেছিলেন রণবীর কাপুর। রঘুনন্দনের চরিত্র আত্মস্থ করতে নিভৃতেই বছর তিনেক ধরে তিল তিল করে নিজেকে গড়ে তুলেছিলেন। চাবুক ফিগার গড়তে হাড়ভাঙা খাটুনিও করতে হয়েছে অভিনেতাকে। ‘রামের সুমতি’তে ত্যাগ করেন মদ্যপান থেকে মাংস ভক্ষণও। রামদর্শনে বিভোর রণবীরের এহেন ‘পরিবর্তন’ কিন্তু নজর এড়ায়নি অনুরাগীদেরও। সেই প্রেক্ষিতেই মুকেশের মন্তব্যে রেগে কাঁই তাঁরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হনুমান চালিশা পাঠেই ‘হিরো’ পাইলট মচ্ছর, ১৮ বছরের অভিজ্ঞতা ভাগ করে অভিনেত্রী দেবলীনা বললেন…
-
গতবছরই বন্ধ করার নির্দেশ দিয়েছিল প্রশাসন, সেই নার্সিংহোমেই শিশুমৃত্যু! হুলস্থুল জামালপুরে
-
৭ মাস ধরে বন্ধ আয়ুর্বেদ হাসপাতালের অস্ত্রোপচার, সমস্যায় দূরদূরান্ত থেকে আসা রোগীরা!
-
১৫ বছরেই ইতিহাস! এশিয়াডে সোনাজয়ের সঙ্গে বৈভবের ঝুলিতে নতুন রেকর্ড
-
‘নন্দী’র পিঠে অসুরবিহীন হরগৌরী! উলুবেড়িয়ার জমিদারবাড়ির পুজোর অজানা ইতিহাস