সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মমতা শঙ্করের মন্তব্যে তোলপাড় নেটপাড়া। সম্প্রতি সংবাদ প্রতিদিন ডিজিটালকে দেওয়া তাঁর সাক্ষাৎকারে একাধিক বিষয় নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী। সেই সব মতামত ঘিরে নেটপাড়ায় নানা বিতর্ক তৈরি হয়েছে। মমতা শঙ্করের উদ্দেশে নানা কটাক্ষও উড়ে এসেছে। বর্ষীয়ান অভিনেত্রী সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেননি বলেই এমন মন্তব্য করছেন, এমনই দাবি বহু নেটিজেনের। এবার কি সেই সুরেই সুর মেলালেন খোদ মমতা শঙ্করের ভাইঝি শ্রীনন্দা শঙ্কর? নিজের সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন তিনি। যা নিয়ে শোরগোল নেটপাড়ায়। সরাসরি কারও নাম না করলেও অনেকেই মনে করছেন তাঁর পোস্টের কেন্দ্রে পিসি মমতাই।
তনুশ্রী শঙ্কর ও আনন্দ শঙ্করের কন্যা শ্রীনন্দা ঠিক কী লিখেছেন? শ্রীনন্দাকে এদিন লিখতে দেখা যায়, ‘বংশগৌরব আর প্রতিভা একজন মানুষকে চেনায় না। তাঁর চিন্তা আর বিশ্বাসই আসল। এখন আর সেই দিন নেই যখন মানুষ একজন অভিনেতাকে তাঁর চরিত্র ভেবে নিত। তারকাদের রাগ-অভিমান এখন পুরনো হয়ে গেছে। আজকের দিনে মানুষ হিসেবে আপনি কেমন, সেটাই আসল। কিন্তু সমস্যা হলো, অনেক তারকাই সময়ের সঙ্গে চলতে শেখেনি, তাই তাঁর বিরক্ত আর তিক্ত হয়ে পড়ে।’ শ্রীনন্দার এই পোস্টে উপচে পড়েছে অগণিত নেটিজেনদের নানা মন্তব্য। তাঁর কথায় সহমত প্রকাশ করেছেন সিংহভাগ।
এমন কী বলেছিলেন মমতা শঙ্কর, যা নিয়ে নেটভুবন তোলপাড়? সম্প্রতি সংবাদ প্রতিদিন ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে মমতা শঙ্কর ঋতুস্রাব সংক্রান্ত কিছু মন্তব্য করেছিলেন। বর্ষীয়ান অভিনেত্রী তথা নৃত্যশিল্পী প্রশ্ন ছুড়েছিলেন, “স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপনে লাল রং ঢেলে বোঝানোর কোনও প্রয়োজন আছে ঋতুস্রাব কী বা কেমন?” তাঁর সংযোজন, বাবা কিংবা ছেলের সঙ্গে এই বিষয়ে তিনি আলোচনা করতে পারবেন না! পাশাপাশি ‘ব্যাড টাচ গুড টাচ শেখানো’ নিয়েও তিনি আপত্তি প্রকাশ করেন। মমতা শঙ্করের এমন সব মন্তব্য ভাইরাল হতেই সাক্ষাৎকারের ওই সংশ্লিষ্ট অংশ নিয়ে নেটপাড়ায় তুমুল শোরগোল পড়ে যায়।এর মধ্যেই শ্রীনন্দার পোস্ট যে নতুন ইন্ধন জোগাবে তা বলাই বাহুল্য।
সর্বশেষ খবর
-
খরচ বাঁচাতে পুরনো জিনিসপত্র ঘরে তুলছেন? বাস্তুশাস্ত্র মেনে সতর্ক না হলেই ঘনাবে বিপদ!
-
‘তোলাবাজি করলে ডিমভাজি ফ্রি’, বিজেপিতে ‘তৃণমূলীকরণে’র বিরুদ্ধে পোস্টার দলীয় কর্মীর
-
পাচারের বড় ছক বানচাল, দমদম বিমানবন্দরেই উদ্ধার কোটি টাকার দুর্লভ ‘সাপের মাথা’!
-
অস্ত্রোপচারের মাঝেই সোনুর কণ্ঠে কিংবদন্তি রফির গান, ভিডিও দেখে তাজ্জব নেটভুবন
-
জেলবন্দি আত্মীয়, জামিন পাওয়াতে ছত্তিশগড় হাই কোর্টের প্রধান বিচারপতির উপর কালাজাদু ৪ যুবকের!