সিদ্ধার্থ থেকে শেফালি, ‘বিগ বস’-এর একঝাঁক প্রতিযোগীর অকালমৃত্যু আজও ভোলেনি দর্শক
এক নজরে দেখে নেওয়া যাক জনপ্রিয় প্রতিযোগীদের যাঁদের আকস্মিক মৃত্যু সকলকে নাড়িয়ে দিয়েছিল। প্রথমেই আসা যাক 'কাঁটা লাগা' গার্ল শেফালি জারিওয়ালার কথায়। মাত্র ৪২ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়েন। 'বিগ বস'এ অংশগ্রহণের পর ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। শেফালির অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল টিনসেল টাউনে। বিটাউনের আবালবৃদ্ধ বনিতা প্রত্যেকেই শেফালির মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছিলেন।
আরও পড়ুন:
'বিগ বস ১৩'-এর বিজয়ী এবং জনপ্রিয় টেলি অভিনেতা হিসেবে সকলের কাছে আজও জনপ্রিয় সিদ্ধার্থ শুক্লা। ২০২১ সালের ২ সেপ্টেম্বর হৃদ্রোগে আক্রান্ত হন। মাত্র ৪১ বছর বয়সে সিদ্ধার্থের মৃত্যু যেন আজও মেনে নিতে পারেন না প্রিয়জনেরা। ভক্তরা আজও সিদ্ধার্থকে বিভিন্ন সময় স্মরণ করেন। 'বিগ বস'এ তিনি একচেটিয়া রাজত্ব করেছিলেন। প্রতিটি স্মৃতিতে আজও তাঁর অনুপস্থিতি অনুভূত হয়! বিশেষ করে শেহনাজ গিলের সঙ্গে সিদ্ধার্থের সেই মিষ্টি সম্পর্কের রসায়ন।
'বালিকা বধূ' ধারাবাহিকে 'আনন্দী' চরিত্রে অভিনয়ের করে ব্যাপক প্রশংসিত প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়। ২০১৬ সালে মাত্র ২৪ বছর বয়সে আত্মহত্যা করেন। একাধিক মিডিয়া রিপোর্ট মোতাবেক, ব্যক্তিগত সম্পর্কের জটিলতার কারণেই আত্মহননের পথ বেছে নিয়েছিলেন। 'বিগ বস ৭'-এর প্রতিযোগী হিসেবেও দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। অল্প সময়ের জন্য হলেও বিনোদন জগতে গভীর ছাপ রেখে গিয়েছেন।
অভিনেত্রী ও রাজনীতিবিদ সোনালি ফোগাট ছিলেন 'বিগ বস ১৪'-এর প্রতিযোগী। বাইশ সালে আগস্টে গোয়ায় ছুটি কাটানোর মাঝে হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স ছিল মাত্র ৪২ বছর। তাঁর মৃত্যুতে ভক্ত থেকে সহ-প্রতিযোগী এবং রাজনৈতিক সহকর্মীরা গভীর শোকপ্রকাশ করেছিলেন। বুকে ব্যথা অনুভব করার পর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পৌঁছানোর পরই তাঁকে মৃত ঘোষণা করা হয়।
আরও পড়ুন:
'বিগ বস'-এর ঘরের আরও এক প্রতিযোগী যিনি অকালেই মারা যান, তিনি আর কেউ নন বহু বিতর্কিত স্বামী ওম। অদ্ভুত আচরণ ও একের পর এক বিতর্কের জন্য সেসময় লাইমলাইট ছিনিয়ে নিয়েছিলেন। একাধিক বিতর্কের পর শো থেকে বহিষ্কৃত হওয়ার পর লোকচক্ষুর আড়ালে চলে যান। ২০২১ সালে করোনা কেড়ে নেয় প্রাণ। বিতর্কের মাঝেও তাঁর প্রাণবন্ত উপস্থিতির জন্য বিগ বসের ঘরে তাঁর একটা আলাদা জনপ্রিয়তা ছিল।