Manipur Unrest

মণিপুরে ফের হিংসা, কুকি গ্রামে দুষ্কৃতীর গুলিতে নিহত দম্পতি-সহ ৩, একাধিক বাড়িতে আগুন

এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার না করলেও কুকিরা আঙুল তুলেছে নাগা সশস্ত্র গোষ্ঠীর দিকে। উল্লেখ্য, মণিপুরের কাংপোকপি জেলায় বসবাসকারীদের বেশির ভাগই কুকি জনজাতির। তবে এখানে নাগা উপজাতিরও বাস রয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৫, ২০২৬, ১৯:৩৯

options
link
মণিপুরে ফের হিংসা, কুকি গ্রামে দুষ্কৃতীর গুলিতে নিহত দম্পতি-সহ ৩, একাধিক বাড়িতে আগুন
ফাইল চিত্র।

মণিপুরে হিংসা (Manipur Unrest) থামার নাম নেই। শুক্রবার সকালে দুষ্কৃতীরা হামলা চালাল কাংপোকপি জেলার কুকিদের একটি গ্রামে। সেখানে গুলি করে খুন করা হয়েছে এক দম্পতি-সহ তিন জনকে। পাশাপাশি বেশ কিছু বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত নাগারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অজ্ঞাপরিচয় কয়েক জন বন্দুকবাজ এদিন ভোর চারটে বেজে দশ মিনিট নাগাদ লোইবোল খুল্লেন গ্রামে ঢুকে হামলা চালায়। ঘুমন্ত অবস্থায় হামলা চালানোয় পালটা প্রতিরোধ গড়ে তুলতে পারেনি গ্রামবাসীরা। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে লেটখনগাম হাওকিপ (৩৪), তাঁর স্ত্রী তিনমারি হাওকিপ (৩০) এবং জঙ্গমিনলান হাওকিপের (৩৪)। সাতটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা।

Advertisement

গোলাগুলি ও অগ্নিসংযোগের খবর পেয়ে নিরাপত্তা বাহিনীকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। যদিও ততক্ষণে তিন জনের মৃত্যু হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার না করলেও কুকিরা আঙুল তুলেছে নাগা সশস্ত্র গোষ্ঠীর দিকে। উল্লেখ্য, মণিপুরের কাংপোকপি জেলায় বসবাসকারীদের বেশির ভাগই কুকি জনজাতির। তবে এখানে নাগা উপজাতিরও বাস রয়েছে।

Advertisement

প্রসঙ্গত, কুকি সম্প্রদায়ের সংগঠন কুকি ইনপি মণিপুর শুক্রবার ভোরের হামলার নিন্দা করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, কোনও পরিস্থিতিতেই নিরস্ত্র মানুষের উপর এই হামলা মানা যায় না। স্থানীয় নির্দল বিধায়ক হাওখোলেট কিপজেন এই হামলার ঘটনার নিন্দা করেছেন। এদিকে হামলার ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা। এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করে মানুষের আস্থা ফেরানোর চেষ্টা করছে প্রশাসন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.