সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁকে কোণঠাসা করার যত চেষ্টাই হোক না কেন, লন্ডনে বেশ খোশমেজাজেই আছেন বিতর্কিত শিল্পপতি, ঋণখেলাপি লিকার ব্যারন বিজয় মালিয়া৷ অন্তত ছেলে সিদ্ধার্থ মালিয়ার পোস্ট করা ভিডিওতে তারই প্রমাণ মিলেছে৷ প্রায় ৯ হাজার কোটি টাকার ব্যাঙ্কঋণ বকেয়া রেখে দেশ ছেড়ে লন্ডনে ঘাঁটি গেড়েছেন মালিয়া৷ তারপর থেকে তাঁকে আর প্রকাশ্যে দেখা যায়নি৷ ইতিমধ্যে তাঁকে দেশে ফেরাতে নানা ধরনের তৎপরতা শুরু করেছে তদন্তকারী সংস্থাগুলি৷ মালিয়ার কূটনৈতিক পাসপোর্ট বাতিল থেকে শুরু করে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি, ইণ্টারপোলকে রেড কর্নার নোটিস জারির অনুরোধ, কিছুই বাকি নেই৷ কিন্তু এসব ঘটনা মালিয়ার উপর কোনও প্রভাবই ফেলেনি৷ রবিবার রাতে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে নিয়ে লন্ডনের এক প্রাইভেট থিয়েটার হলে সদ্যসমাপ্ত নবম আইপিএলের ফাইনাল উপভোগ করেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অন্যতম মালিক৷ ঘরের মধ্যে ছড়িয়ে ছিল আরসিবি-র নানা স্মারকও৷ যদিও আরসিবি-কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ৷ এই হারের পিছনে অন্তর্ঘাতের তত্ত্বও খাড়া করেছেন মালিয়া৷ এমনকী, বাবার পাশে বসে সেই দিনই মোনাকো গ্রঁ প্রি-তে ফোর্স ইন্ডিয়ার ভাল ফলের কথা উচ্ছ্বসিত হয়ে জানিয়েছেন সিদ্ধার্থও৷ বিতর্ক তৈরি হওয়ার পর ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি আরসিবি-র ডিরেক্টর পদ থেকেও ইস্তফা দেন মালিয়া৷ তবে তিনি এখনও দলের চিফ মেণ্টর৷ সিদ্ধার্থ এখনও আরসিবি ফ্র্যাঞ্চাইজির অন্যতম ডিরেক্টর৷
প্রায় সতেরোটি ব্যাঙ্ক মালিয়ার থেকে ৯৪০০ কোটি টাকা পায়৷ অন্তত পাঁচটি তদন্তকারী সংস্থা তাঁর পিছনে পড়ে রয়েছে৷ মামলা চলছে সুপ্রিম কোর্টে৷ মালিয়াকে দেশ থেকে বের করে না দিলেও আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের জন্য ভারতকে অনুরোধ জানাতে বলেছে ব্রিটেন৷ কিন্তু দেখা যাচ্ছে, সিবিআই, এনফোর্সমেণ্ট ডিরেক্টরেট, সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস, আয়কর, পরিষেবা কর দফতর হন্যে হয়ে ঘুরলেও ব্রিটেনের রাজধানীতে বেশ খোশমেজাজে নিশ্চিন্ত দিনযাপন করছেন ‘ফেরার’ মালিয়া৷
সর্বশেষ খবর
-
ভোটে নেই তৃণমূল! ৪ লাখ ঘাসফুল পতাকা ছাপিয়ে হাহাকার করছেন হাওড়ার রাজু
-
এশিয়াডে গিয়ে অন্য ‘খেলা’য় ব্যস্ত! স্ত্রী সঞ্জনা খোঁচায় বুমরাহের উত্তর, ‘তুমি চাইলে আর কাউকে…’
-
দুরন্ত হ্যাটট্রিক ছাংতের, শ্রীনিধিকে হাফডজন গোলে উড়িয়ে আইএফএ শিল্ড শুরু মোহনবাগানের
-
এর্দোগান বিরক্তিকর! রাষ্ট্রসংঘে ভাষণ চলাকালীন ইনস্টা রিলে মুখ গুঁজলেন সিরিয়ার প্রেসিডেন্ট
-
তৃণমূল: কে আসল, কে নকল? রয়েছে বহু প্রশ্ন