Balarampur Gang rape

হাথরাস কাণ্ডের ছায়া উত্তরপ্রদেশেরই বলরামপুরে, ধর্ষণের পর নৃশংস অত্যাচার! মৃত দলিত যুবতী

একইদিনে উত্তরপ্রদেশে ধর্ষণের শিকার আরও ২ নাবালিকা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৩, ১৮:৩৭

options
link
হাথরাস কাণ্ডের ছায়া উত্তরপ্রদেশেরই বলরামপুরে, ধর্ষণের পর নৃশংস অত্যাচার! মৃত দলিত যুবতী
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ বুধবারই প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) অভিযোগ করছিলেন, উত্তরপ্রদেশে নারী নিরাপত্তার চিহ্নমাত্র নেই। কংগ্রেস নেত্রী যে নেহাতই ভ্রান্ত অভিযোগ করেননি, তা আরও একবার প্রমাণ হয়ে গেল বলরামপুরের গণধর্ষণের ঘটনায়। হাথরাসের ঘটনা (Hathras Gang Rape) নিয়ে দেশজুড়ে প্রতিবাদের মধ্যেই উত্তরপ্রদেশের বলরামপুরে (Balarampur Gang Rape) মাদক খাইয়ে এক দলিত যুবতীকে ধর্ষণ করা হল। শুধু ধর্ষণ নয়, দুষ্কৃতীদের নৃশংস অত্যাচারে শেষপর্যন্ত প্রাণও হারাতে হয়েছে ওই যুবতীকে।

Advertisement

নির্যাতিতার পরিবারের অভিযোগ, গত মঙ্গলবার সকালে ওই তরুণীকে অফিসের পথ থেকে অপহরণ করে দুই দুষ্কৃতী। তাঁকে মাদক খাওয়ানো হয়। তারপর গণধর্ষণ। ভেঙে দেওয়া হয় হাত-পা, শিরদাঁড়া। ধর্ষণ এবং নির্যাতনের পর কার্যত অচেতন অবস্থায় ওই তরুণীকে রিক্সায় বসিয়ে বাড়ি পাঠিয়ে দেয় দুষ্কৃতীরা। কাতর সুরে নির্যাতিতার মা বলছিলেন, “আমার মেয়েটাকে ওরা বাড়ির উঠোনে ফেলে রেখে চলে গেল। ও উঠে দাঁড়াতে পারছিল না, কথাও বলতে পারছিল না ঠিকমতো। শুধু কাতরস্বরে বলছিল, আমি মরতে চাই না।” ওই নির্যাতিতাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভরতি করে পরিবার। অবস্থার অবনতি হলে তাঁকে লখনউ নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু পৈশাচিক নির্যাতনের জেরে পথেই তাঁর মৃত্যু হয়। ঘটনায় শাহিদ এবং সাহিল নামের দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে একজন নাবালক।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: যোগীর উপর ‘বিশ্বাস’ আছে! হাথরাসের ধর্ষকদের এনকাউন্টারের দাবি কঙ্গনার]

হাথরাস, বলরামপুরের মতোই নৃশংসতা দেখা গিয়েছে বুলন্দশহর (Bulandshahr) এবং আজমগড়েও (Azamgarh)। বুলন্দশহরে ১৪ বছর বয়সের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি মঙ্গলবার রাতের। অন্যদিকে আজমগড়ে নির্যাতিতার বয়স মাত্র ৮ বছর। ওই শিশুকন্যাকে স্নান করানোর আছিলায় ধর্ষণ করেছে ২০ বছরের এক প্রতিবেশী যুবক। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি নির্যাতিতা। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

Advertisement

এমনিতেই উত্তরপ্রদেশ মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধের নিরিখে দেশের মধ্যে শীর্ষে। এর মধ্যে মাত্র দু’দিনের ব্যবধানে চার-চারটি ধর্ষণের ঘটনা! প্রশ্ন উঠছে, এরপরও কি ঘুম ভাঙবে না প্রশাসনের? 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.