সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩১-শে রাত মানেই উচ্ছ্বলতা, উদ্দামতা৷ পার্টি মুডে ভরপুর উল্লাস৷ একটা বছরের চলে যাওয়া৷ নতুন বছরকে স্বাগত জানানো৷ সন্ধিলগ্ন মাখামাখি হরিষে-বিষাদে৷ আর তা সেলিব্রেশনেই শহরের নাইটক্লাবগুলোর পরিবেশ হয়ে ওঠে মাদকতাময়৷ বিগত বছরগুলোয় এ ছবিই দেখে এসেছে তিলোত্তমা৷ তবে এবার বদল চিত্রনাট্যে৷ সৌজন্যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ৩১-শে রাতেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি৷ আর এবার তা দেখানো হবে সরাসরি নাইটক্লাবগুলোতেও৷
৮ নভেম্বর জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছিলেন আচমকা৷ অনেকেই সে সময় তা শুনে উঠতে পারেননি৷ নোট বাতিলের সিদ্ধান্ত জানতে অবিশ্যি কারও বাকি ছিল না৷ কিন্তু সেটাই সব নয়৷ কেননা প্রধানমন্ত্রীর ভাষণ মানেই বিশেষ কিছু৷ শরীরী ভাষায়, কণ্ঠের ওঠাপড়ায়, বাচনশৈলীতে বক্তৃতার এমন এক বিশেষ ঢঙ তৈরি করেছেন প্রধানমন্ত্রী যা রীতিমতো সুখশ্রাব্য৷ রাজনীতিকদের বক্তৃতার চেনা ধরনের ভিতর নিঃসন্দেহে তিনি ব্যতিক্রমী৷ আর তাই যাঁরা সে সময় মিস করেছিলেন, পরে রেকর্ড করে সে বক্তৃতা শুনেছেন৷ তাঁর ভাষণের জনপ্রিয়তা এতখানি যে তাঁকে নিয়ে মিমিক্রিও করেছেনবহু শিল্পী৷
বছরশেষের রাতে ফের জাতির উদ্দেশে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী৷ সেইসময় চালু হয়ে যাবে পার্টি৷ আলোয়-উচ্ছ্বাসে মেতে উঠবে নাইটক্লাবগুলি৷ কিন্তু তা বলে কি প্রধানমন্ত্রী ভাষণ শোনা হবে না? তার উপর যদি কোনও বিশেষ ঘোষণা থাকে৷ কুছ পরোয়া নেহি! নজিরবিহীনভাবে এবার বছরশেষের রাতে নাইটক্লাবের রাতে প্রধানমন্ত্রীর বক্তৃতা লাইভ শোনানোর পরিকল্পনা নিয়েছে নাইটক্লাব কর্তৃপক্ষ৷
আসলে পার্টিতে মজলেও অনেকের মন পড়ে থাকবে প্রধানমন্ত্রীর বক্তৃতার দিকেই৷ রাতের মুড যাতে মাঠে মারা না যায়, তাই এই ব্যবস্থা৷ জনপ্রিয় গানে ডিজেরাই এতদিন বছরশেষের দখল নিতেন৷ তবে এবারের বছরটা বোধহয় অন্যরকমভাবেই শেষ হচ্ছে৷ কেননা ভাষণে ভাষণে এবার নাইটক্লাবের দখলও থাকবে প্রধানমন্ত্রীর হাতেই৷
সর্বশেষ খবর
-
দলে মেসি-ভিনি, চমক ডিফেন্সে! বিশ্বকাপে গ্রুপ পর্বের সেরা একাদশ বেছে নিল সংবাদ প্রতিদিন ডট ইন
-
সরষের মধ্যেই ভূত! রামমন্দিরে কয়েকশো কোটির চুরি জেনেও ধামাচাপার চেষ্টা ট্রাস্টের প্রধানের
-
সৌদি আরবে ভেঙে পড়ল জ্বালানি সংস্থার কপ্টার, মৃত কমপক্ষে ১৪, যুদ্ধের জেরে আকাশে আতঙ্ক?
-
হেরেও শিক্ষা নেই! আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেকই হচ্ছে না বৈভবের, শ্রেয়স-গম্ভীরের সিদ্ধান্তে প্রশ্ন
-
করাচিতে জঙ্গি হামলার দায় ভারতের ঘাড়ে! ‘নিজের ঘরে তাকান’, পাকিস্তানকে তোপ নয়াদিল্লির