DMK MLA

মুখ্যমন্ত্রী বিজয়কে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, গ্রেপ্তার ডিএমকে বিধায়ক, অশান্তি তামিলনাড়ুতে

মাদ্রাজ হাই কোর্টে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন বাতিল হতেই গ্রেপ্তার করা হল ডিএমকে বিধায়ক অনিথা রাধাকৃষ্ণনকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩, ২০২৬, ১৯:৫২

options
link
মুখ্যমন্ত্রী বিজয়কে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, গ্রেপ্তার ডিএমকে বিধায়ক, অশান্তি তামিলনাড়ুতে
অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন বাতিল হতেই গ্রেপ্তার ডিএমকে নেতা।

টিভিকে সভাপতি এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালপতি বিজয়ের বিরুদ্ধে ‘আপত্তিকর’ তথা ‘মানহানিকর’ মন্তব্যের অভিযোগ উঠেছিল ডিএমকে বিধায়ক অনিথা রাধাকৃষ্ণনের বিরুদ্ধে। এই ঘটনায় বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। মাদ্রাজ হাই কোর্টে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন বাতিল হওয়ার পর গ্রেপ্তার করা হল তাঁকে।

Advertisement

পুলিশ জানিয়েছে, গত ২০ জুন ছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির জন্মদিন। সেই উপলক্ষে তিরুচেন্দুরের কাছে আথুরে একটি সভায় যোগ দেন রাধাকৃষ্ণন। সেখানে নিজের ভাষণে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর নামে ‘মানহানিকর’ মন্তব্য করেন তিনি। ওই ঘটনায় ডিএমকে বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। শুক্রবার মাদ্রাজ হাই কোর্ট অন্তর্বর্তীকালীন জামিন বাতিল করার পরই গ্রেপ্তার করা হল অনিথা রাধাকৃষ্ণনকে।

Advertisement

অভিযোগ, ডিএমকে নেতা বিজয়ের চেহারা এবং সিনেমার জগৎ থেকে রাজনীতিতে আসা নিয়ে উপহাস করেছেন। রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে বিধানসভায় আলোচনার সময় ডিএমকে বিধায়ক এস অস্টিন এবং মুখ্যমন্ত্রীর মধ্যে সাম্প্রতিক এক বিতর্কের কথা উল্লেখ করে রাধাকৃষ্ণন বলেন, মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তাক করে অস্টিন জিজ্ঞেস করেছিলেন, ‘তুমি কি মুখ খুলে কথা বলবে না?’ তখন মুখ্যমন্ত্রীকে দেখে মনে হচ্ছিল কোনও ফাঁদে আটকা পড়েছেন বুঝি। যেন মনে মনে বলছেন, ‘আমি কীভাবে এখানে আটকা পড়লাম? বাড়িতে একজন অভিনেত্রীর সঙ্গে কত না সুখেই ছিলাম! এখন ফাঁদে আটকে পড়েছি।’

Advertisement

এখানেই না থেমে বিধানসভায় মুখ্যমন্ত্রীর আচরণকে দোকানে প্রবেশ করা একজন ক্রেতার আচরণের সঙ্গে তুলনা করেন ডিএমকে বিধায়ক। তিনি বলেন, আমি একজন ব্যবসায়ী। ফলে জানি, দোকানে প্রবেশ করা লোকটি কিছু কিনতে এসেছেন, নাকি টাকা ধার করতে চান। আমি একইভাবে অনুভব করেছি, তিনি (পড়ুন বিজয়) বুঝতে পেরেছেন— বিধানসভার ফাঁদে আটকে পড়েছেন।

এদিকে ডিএমকে নেতার গ্রেপ্তারির পরেই শাসকের বিরুদ্ধে তোপ দাগছে বিরোধী দলগুলি। প্রতিক্রিয়া দিয়েছেন ডিএমকে সাংসদ কানিমোঝি। তাঁর অভিযোগ, বিরোধী দলের সঙ্গে দমনমূলক আচরণ করছে রাজ্য সরকার। এই পদক্ষেপকে ‘তীব্র নিন্দনীয়’ বলে অভিহিত করেন তিনি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.