সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন আগেই থানের হাসপাতালে আরশোলা দেখা যাওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছিল৷ থানের মিউনিসিপাল কর্পোরেশনের অধীনে থাকা ছত্রপতি শিবাজি মহারাজ হাসপাতালে অস্ত্রোপচার চলাকালীন আচমকাই আরশোলা দেখা যায় অপারেশন থিয়েটারের ভিতরে৷ এই ঘটনাকে কেন্দ্র করে ছড়ায় চাঞ্চল্য৷ হাসপাতালের পরিচ্ছন্নতা এবং রোগীদের নিরাপত্তা নিয়েও ওঠে প্রশ্ন৷ অস্ত্রোপচার চলাকালীন চেম্বারের ভিতরে আরশোলা দেখতে পেয়ে অপারেশন মাঝপথে থামিয়ে দিয়ে সেই আরশোলার গতিবিধি ভিডিও রেকর্ড করতে থাকেন চিকিৎসক সঞ্জয় বরনওয়াল৷ এই ঘটনাটি মিডিয়ায় ফলাও করে ছড়িয়ে পরায় বিপাকে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ৷
এর ঠিক পরেই চিকিৎসক সঞ্জয় বরনওয়ালের বিরুদ্ধে ওঠে এক আশ্চর্য অভিযোগ৷ হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, সংবাদমাধ্যমের নজর কাড়তেই নাকি স্বয়ং চিকিৎসক সঞ্জয় বরনওয়াল অপারেশন থিয়েটারে আরশোলা নিয়ে প্রবেশ করেছিলেন৷ তিনি নাকি ইচ্ছাকৃতভাবে পকেটে করে আরশোলা নিয়ে প্রবেশ করেছিলেন অপারেশন থিয়েটারে৷ আর সেখানে ইচ্ছাকৃত সেই আরশোলা ছেড়ে দিয়ে তার ভিডিও রেকর্ড করেন৷ ২১ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রসিদ্ধ এই অর্থোপেডিকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসায় স্বভাবতই চমকে গিয়েছেন চিকিৎসকরা৷ হাসপাতালের ইনচার্জ সি মিত্র এই অভিযোগ এনেছেন চিকিৎসক সঞ্জয় বরনওয়ালের বিরুদ্ধে৷ যদিও এই অভিযোগের কথা অস্বীকার করেছেন চিকিৎসক৷ তবে তিনি যা হাসপাতালের অপরিচ্ছন্নতা নিয়ে বেশ বিরক্ত ছিলেন তা স্বীকার করে নিয়েছেন৷ সেই সঙ্গে জানিয়েছেন, তিনি বহুদিন ধরেই হাসপাতালের এই অবস্থা সম্পর্কে কর্তৃপক্ষকে অবগত করার চেষ্টা করছিলেন৷ কিন্তু কিছুতেই তা সম্ভব হয়নি৷ তিনি জানিয়েছেন, চিকিৎসক হিসাবে হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে তিনি অবশ্যই চিন্তিত৷ কিন্তু তারজন্য পকেটে আরশোলা নিয়ে অস্ত্রোপচার করতে আসার অভিযোগ যদি তাঁর বিরুদ্ধে ওঠে, তবে তাঁর কিছু বলার নেই৷
ঘটনাটির তদন্ত শুরু হয়েছে৷ গত ৬ জানুয়ারি ওই অপারেশন থিয়েটারে অন্যান্য যে ডাক্তার এবং নার্সরা উপস্থিত ছিলেন, তাঁদের ডেকে পাঠানো হয়েছে৷ অ্যাডিশনাল মিউনিসিপ্যাল কমিশনার তাঁদের সঙ্গে কথা বলবেন বলে জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের