সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হস্টেলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে ‘আত্মঘাতী’ হলেন বম্বে আইআইটির এক চতুর্থ বর্ষের ছাত্র। শনিবার ভোরে হস্টেলের সামনে থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে সেখানে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কিন্তু কী কারণে তিনি এই চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদ থেকেই তিনি আত্মহত্যা করেছেন।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম রোহিত সিনহা। বয়স ২৬ বছর। বাড়ি দিল্লিতে। হস্টেলের এক পড়ুয়ার দাবি, শুক্রবার রাত আড়াইটে নাগাদ রোহিত ফোনে কথা বলতে ছাদে উঠেছিলেন। দীর্ঘক্ষণ তাঁকে ছাদে ঘোরাঘুরি করতেও দেখেন বলে দাবি করেছেন ওই পড়ুয়া। তবে তারপর নাকি তিনি আর রোহিতকে দেখেননি। এরপর সকালে রোহিতের রক্তাক্ত দেহ হস্টেলের সামনে পড়ে থাকতে দেখেন সবাই। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যেই দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদ থেকেই আত্মহত্যা করেছেন রোহিত। যদিও এর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের এক আধিকারিক বলেন, “আমরা ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছি। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর আরও তথ্য দেওয়া সম্ভব হবে।”
সর্বশেষ খবর
-
মূলস্রোতের স্কুলে পড়বে দিব্যাঙ্গ শিশুরাও! পরিকাঠামো উন্নয়নে নজর রাজ্যের
-
ষষ্ঠ বিদেশি সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল, এক বছরের জন্য লাল-হলুদে আইভোরি কোস্টের স্ট্রাইকার
-
ফুচকার লোভ দেখিয়ে নাবালিকাকে ‘ব্যাড টাচ’! গ্রেপ্তার প্রতিবেশী ‘দাদু’, উত্তরপাড়ায় হুলস্থুল
-
চূড়ান্ত হয়ে গেল কলকাতা লিগের ডার্বির দিনক্ষণ, বারাসতে মুখোমুখি হবে মোহন-ইস্ট
-
বুধে বালুরঘাটে সুকান্তের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী, মেনুতে থাকছে কোন বিশেষ মাছ?