ব্যস্ত রাস্তায় ঢুকে পড়ে একের পর এক পথচারীকে ধাক্কা দিল বেপরোয়া গতির ল্যাম্বরগিনি। ১০ কোটি টাকার সেই বিলাসবহুল গাড়ির ধাক্কায় হাওয়ায় ১০ ফুট উড়ে গেলেন এক বাইক আরোহীও! রবিবার কানপুরের ভিআইপি রোডে এই ঘটনায় ছ’জন আহত হয়েছেন। অভিযোগ, গাড়িটি চালাচ্ছিলেন স্থানীয় তামাক ব্যবসায়ী কেকে মিশ্রের পুত্র শিবম মিশ্র। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর রুজু করেছে পুলিশ।
আরও পড়ুন:
কানপুর পুলিশের ডিসি (সেন্ট্রাল) অতুলকুমার শ্রীবাস্তব জানান, রেভ-৩ মলের কাছে ঘটনাটি ঘটে। কেকে মিশ্রের ছেলেই যে গাড়িটি চালাচ্ছিলেন, তা-ও জানিয়েছেন ডিসি। তাঁর বক্তব্য, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন চালক। তার ফলেই এই দুর্ঘটনা। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বেশ কয়েক জনকে ধাক্কা মেরেছে গাড়িটি।
পুলিশ সূত্রে খবর, আহতদের মধ্যে তৌফিক নামে এক যুবক রয়েছেন। গাড়ির ধাক্কায় কয়েক মিটার দূরে ছিটকে পড়েছিলেন তিনি। তবে তিনিই সেই বাইক আরোহী কি না, তা এখনও জানা যায়নি। এই ঘটনার পরেই গাড়িটিকে আটকে দেন স্থানীয়েরা। অভিযোগ, ল্যাম্বরগিনিতে শিবমের দেহরক্ষীরাও ছিলেন। তাঁরা স্থানীয়দের দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। শেষে পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে ওই গাড়িচালক এবং অন্য আহতদের উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যায়। বাজেয়াপ্ত করা হয়েছে ওই ল্যাম্বরগিনিটিকেও।
স্থানীয় সূত্রে খবর, কানপুরের নামকরা তামাক ব্যবসায়ী কেকে মিশ্র। ২০২৪ সালে তাঁর বাড়িতে আয়কর দপ্তর হানাও দিয়েছিল। গাড়িচালক প্রভাবশালী পরিবারের সন্তান হওয়ায় পুলিশ প্রথমে এফআইআর রুজু করতে চাইছিল না, এমন অভিযোগও উঠে এসেছে। এই ঘটনায় কেন এখনও শিবমকে গ্রেপ্তার করা হল না, তা নিয়েই প্রশ্ন তুলছেন অনেকে।
সর্বশেষ খবর
-
অখিলেশের ‘চার আনা’ মন্তব্যই ঘুরিয়ে দেবে উত্তরপ্রদেশের নির্বাচন! কোন পথে জাঠ মন?
-
হরমুজে সেনা মোতায়েনে আমেরিকাকে ‘না’ দক্ষিণ কোরিয়ার! ট্রাম্পের ‘চাপ’ উড়িয়ে দিল সিওল
-
শিশুখাদ্যেও বিষ? এবার নেসলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, নোটিস পাঠাল কেন্দ্র
-
বিপর্যয়ের আতঙ্ক! পুজোর পর্যটনে উত্তরকে টেক্কা দক্ষিবঙ্গের, জঙ্গলমহলও ‘হাউসফুল’
-
নন্দীগ্রাম ভোটে কংগ্রেসকে সমর্থন ‘সর্বহারা’ মমতার, জল্পনা উসকে বললেন, ‘সিস্টার পার্টি’