Madhya Pradesh

ছিলেন বিমানসেবিকা, হলেন পুলিশ সুপার! সেই নেহার বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগ

বিমানসেবিকার কাজে থাকাকালীনই পিএসসি পরীক্ষায় বসেছিলেন নেহা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০২৬, ২০:১৬

options
link
ছিলেন বিমানসেবিকা, হলেন পুলিশ সুপার! সেই নেহার বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগ
বিতর্কিত এই পুলিশ আধিকারিক নেহা।

বিমানসেবিকা হিসাবে শুরু কর্মজীবন। সেই কাজ করতে করতে বসেন মধ্যপ্রদেশের পিএসসি পরীক্ষায়। পাসও করেছিলেন। সেই মতো চাকরি পান পুলিশে। এরপরেও বসে থাকেননি। বরং একের পর এক পরীক্ষা দিয়ে পুলিশ সুপার পদে কাজে যোগ দেন। সেই পুলিশ সুপারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। ভয় দেখিয়ে একেবারে কম দামে জমি হাতানোর অভিযোগ। তাও আবার বাজার দামের থেকে অনেকটাই কম। খোদ পুলিশ সুপারের বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। রাতারাতি ওই পুলিশ সুপারকে সাসপেন্ড করা হয়েছে।

Advertisement

এর আগেই একাধিক সময়ে বিতর্কে জড়ান নেহা পচীসিয়া। ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।

অভিযুক্ত ওই পুলিশ সুপারের নাম নেহা পচীসিয়া। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিমানসেবিকার কাজে থাকাকালীনই পিএসসি পরীক্ষায় বসেছিলেন নেহা। পরীক্ষায় পাস করার পর নেহা ডেপুটি পুলিশ সুপার পদে যোগ দেন। যদিও পরবর্তী সময়ে পুলিশ সুপার হিসাবে কটনীর সিটির দায়িত্ব পান। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সেখানেই এক পরিবারকে সস্তায় জমি বিক্রির জন্য চাপ দিয়েছিলেন অভিযুক্ত নেহা। তাৎপর্যপূর্ণভাবে ওই পরিবার আবার খুনের মামলায় অভিযুক্ত। ওই সংবাদমাধ্যমে প্রকাশিত খবর, যে জমি নিয়ে বিতর্ক সেটির বাজার দর ৮৩ লাখ টাকা। কিন্তু ভয় দেখিয়ে নিজের ঘনিষ্ঠকে তা মাত্র ১৮ লাখ টাকায় পাইয়ে দেওয়া হয়। আর তা প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মধ্যপ্রদেশে। ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ দেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব। এরপরেই ওই পুলিশ সুপারকে সাসপেন্ডের নির্দেশ দেয় প্রশাসন।

Advertisement

তবে এই প্রথম নয়, এর আগেই একাধিক সময়ে বিতর্কে জড়ান নেহা পচীসিয়া। ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই সময়েও অভিযুক্ত ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। একাধিক থানার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় নেহাকে। সেই রেশ কাটতে না কাটতেই ফের বিতর্কে। এবার বাজার দর থেকে একেবারে সস্তা জমি কার্যত হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল সেই নেহার বিরুদ্ধে। খোদ পুলিশ কর্তার এহেন কাজে রীতিমতো প্রশ্নের মুখে সে রাজ্যের পুলিশ প্রশাসন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.