Meghalaya Honeymoon Murder Case

‘৩ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করুন’, হানিমুন হত্যাকাণ্ড অভিযুক্ত সোনমের জামিন খারিজ সুপ্রিম কোর্টের

মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা সোনমকে গত বছর জুন মাসে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, স্বামী রাজা রঘুবংশীকে খুনের ষড়যন্ত্রে সে জড়িত। তদন্তকারীদের দাবি, আর্থিক লাভের উদ্দেশ্যে ভাড়াটে দুষ্কৃতীদের দিয়ে স্বামীকে খুনের পরিকল্পনা করেছিল সোনম।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৩, ২০২৬, ১৪:৪২

options
link
‘৩ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করুন’, হানিমুন হত্যাকাণ্ড অভিযুক্ত সোনমের জামিন খারিজ সুপ্রিম কোর্টের
সোনম রঘুবংশীর জামিন খারিজ সুপ্রিম কোর্টের। ফাইল ছবি।

মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে স্বামী রাজা রঘুবংশীকে খুনের ঘটনায় (Meghalaya Honeymoon Murder Case) মূল অভিযুক্ত স্ত্রী সোনম রঘুবংশীর জামিন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ, তিন সপ্তাহের মধ্যে সোনমকে আত্মসমর্পণ করতে হবে।

Advertisement

বিচারপতি এমএম সুন্দ্রেশ এবং বিচারপতি পিবি ভারালের বেঞ্চে রাজা রঘুবংশী হত্যা মামলার শুনানি চলছে। মেঘালয় হাই কোর্ট সোনমকে জামিনে মুক্তি দেয়। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় মেঘালয় পুলিশ। আদালতের পর্যবেক্ষণ, বিচার প্রক্রিয়ার এই পর্যায়ে তাঁর মুক্ত থাকাটা বিচারে বাধা সৃষ্টি করতে পারে। এরপরই শীর্ষ আদালত সোনমের জামিন খারিজ করে তাঁকে তিন সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়। তবে আদালত এ-ও জানিয়েছে যে, বিচার প্রক্রিয়া যদি দ্রুতগতিতে অগ্রসর না হয়, তাহলে ছ’মাস পর সোনম নতুন করে জামিনের আবেদন করার সুযোগ পাবে। বুধবারই শীর্ষ আদালত সোনমকে কড়া বার্তায় আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল। নইলে জামিন খারিজ করা হবে বলেও জানিয়েছিল সুপ্রিম কোর্ট। একদিন পর বৃহস্পতিবার সোনমের জামিন খারিজেরই নির্দেশ দিল শীর্ষ আদালত।

Advertisement

উল্লেখ্য, মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা সোনমকে গত বছর জুন মাসে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, স্বামী রাজা রঘুবংশীকে খুনের ষড়যন্ত্রে সে জড়িত। তদন্তকারীদের দাবি, আর্থিক লাভের উদ্দেশ্যে ভাড়াটে দুষ্কৃতীদের দিয়ে স্বামীকে খুনের পরিকল্পনা করেছিল সোনম। গত বছরের ২৩ মে মেঘালয়ের সোহরা এলাকায় বেড়াতে গিয়ে নিখোঁজ হন নবদম্পতি রাজা ও সোনম। দীর্ঘ তল্লাশির পর ২ জুন একটি গভীর খাদ থেকে উদ্ধার হয় রাজার দেহ। এরপরই তদন্তে সামনে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য। প্রথম গা ঢাকা দিলেও পুলিশের জালে ধরা পড়ে সোনম-সহ একাধিক অভিযুক্ত।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.