Supreme Court

মায়ের মাসিক আয় দেড় লক্ষ, তবু সন্তানের ভরণপোষণের খরচ বাবার! বড় রায় সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্ট বলছে, মা উপার্জন করলেও সন্তানের ভরণপোষণ নিয়ে বাবার দায় কোনওভাবেই কমে না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০২৬, ১৬:০০

options
link
মায়ের মাসিক আয় দেড় লক্ষ, তবু সন্তানের ভরণপোষণের খরচ বাবার! বড় রায় সুপ্রিম কোর্টের
ফাইল ছবি।

মা যতই রোজগার করুন, সন্তানের ভরণপোষণের দায় কোনওভাবেই কমে না বাবার। তাৎপর্যপূর্ণ রায়ে বলে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বক্তব্য, “সন্তানের দেখভালের দায়িত্ব দু’জন অভিভাবকের হলেও সেই দায় অঙ্ক কষে সমান সমান ভাগ করা যায় না।” বিচ্ছেদ সংক্রান্ত একটি মামলায় তাৎপর্যপূর্ণ ওই রায় দিয়েছে শীর্ষ আদালত।

Advertisement

মূল মামলাটি এলাহাবাদের। ২০০৬ সালে বিয়ে করেন এক চিকিৎসক দম্পতি। তাঁদের দুই কন্যা সন্তান হয়। কিন্তু পরে সম্পর্কের অবনতি হলে দুই সন্তানকে নিয়ে স্বামীর ঘর ছাড়েন স্ত্রী। বিচ্ছেদের মামলা করে দুই সন্তান ও নিজের জন্য মাসিক ৩ লক্ষ টাকা খোরপোশ দাবি করে পরিবার আদালতে মামলা করেন ওই মহিলা চিকিৎসক। পরিবার আদালত সিদ্ধান্ত নেয়, এক্ষেত্রে মামলাকারী যেহেতু নিজে চিকিৎসক, তাঁর মাসিক রোজগার প্রায় দেড় লক্ষ টাকা, তাই তাঁর আলাদা করে কোনও খোরপোশ প্রয়োজন নেই। তবে দুই সন্তানের জন্য মাসে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা খোরপোশ দেওয়ার নির্দেশ দেওয়া হয় স্বামীকে।

Advertisement

ওই চিকিৎসক ব্যক্তি পরিবার আদালতের ওই রায়ে সন্তুষ্ট হতে পারেননি। তিনি সোজা চলে যান এলাহাবাদ হাই কোর্টে। তাঁর যুক্তি ছিল, স্ত্রী যেহেতু রোজগেরে তাই সন্তানদের ভরণপোষণের দায়িত্ব তাঁর একার নয়। স্ত্রী-কেও টাকা দিতে হবে। ওই ব্যক্তির আবেদন মেনে নেয় হাই কোর্ট। এলাহাবাদ হাই কোর্ট জানিয়ে দেয়, ওই দম্পতির দুই সন্তানের জন্য খোরপোশের অঙ্কটা ৬০ হাজারই। তবে সন্তানের ভরণপোষণের দায়িত্ব কোনও একজন অভিভাবকের হতে পারে না। এক্ষেত্রে স্ত্রী যেহেতু রোজগেরে তাই ওই ব্যক্তিকে মাসে ৩০ হাজার টাকা দিয়ে হবে।

Advertisement

এবার হাই কোর্টের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান মহিলা। পুরো মামলা শোনার পর সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ এলাহাবাদ হাই কোর্টের নির্দেশ খারিজ করে দেয়। সুপ্রিম কোর্ট বলছে, মা উপার্জন করলেও সন্তানের ভরণপোষণ নিয়ে বাবার দায় কোনওভাবেই কমে না। সুপ্রিম কোর্টের বক্তব্য, হাই কোর্ট এমন কোনও কারণ দেখাতে পারেনি যার ভিত্তিতে ফ্যামিলি কোর্টের সিদ্ধান্তে হস্তক্ষেপ করা যায়। সুপ্রিম কোর্ট বলে দেয়, দুই মেয়েই তাঁদের মায়ের সঙ্গে থাকে। মা নিজে চাকরি করার পাশাপাশি তাঁদের দৈনন্দিন প্রয়োজন, পড়াশোনা এবং লালন-পালনের দায়িত্বও পালন করছেন। ফলে মা আয় করছেন, শুধু সেই তথ্যের জন্য বাবার দায়িত্ব কমে না।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.