Nagpur

নাগপুরে বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! মৃত অন্তত ১৭, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

জানা যাচ্ছে, দুর্ঘটনার সময় কারখানায় ২৫ থেকে ৩০ জন শ্রমিক উপস্থিত ছিলেন। ঘটনাস্থলেই ১৭ জনের মৃত্যু হয়। আহত হন আরও ১৮ জন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০২৬, ১৯:৩৫

options
link
নাগপুরে বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! মৃত অন্তত ১৭, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
নাগপুরে বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ।

সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা মহারাষ্ট্রের নাগপুরে (Nagpur)। বেসরকারি বিস্ফোরক প্রস্তুতকারী সংস্থার কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ১৭ জনের। দুর্ঘটনায় আরও অন্তত ১৮ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। চলছে উদ্ধারকাজ।

Advertisement

জানা গিয়েছে, নাগপুরের কাছে কাটোলের রাউলগাঁওয়ে অবস্থিত ছিল কারখানাটি। এসবিএল এনার্জি লিমিটেড নামের এই সংস্থা শিল্পের কাজে খনিতে ব্যবহৃত বিস্ফোরক তৈরি করত। অন্যান্য দিনের মতো রবিবার সকালে এখানে কাজে যোগ দিয়েছিলেন শ্রমিকরা। তখনই সকাল ৬টা থেকে ৭টা নাগাদ ডেটোনেটর তৈরির প্রক্রিয়া চলাকালীন শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। বহুদূর পর্যন্ত বিস্ফোরণের শব্দ শুনতে পান গ্রামবাসীরা। দেখা যায় কালো ধোঁয়া বিরাট কুণ্ডলী। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী।

Advertisement

মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর দপ্তরের।

দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে পুলিশ ও উদ্ধারকারীদল। আগুন নিয়ন্ত্রণে আনতে এবং আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের জন্য যুদ্ধকালীন তৎপরতা শুরু করা হয়েছে এবং এখনও অভিযান চলছে। জানা যাচ্ছে, দুর্ঘটনার সময় কারখানায় ২৫ থেকে ৩০ জন শ্রমিক উপস্থিত ছিলেন। ঘটনাস্থলেই ১৭ জনের মৃত্যু হয়। আহত হন আরও ১৮ জন। বিস্ফোরণের জেরে ভেঙে পড়ে কারখানার একাধিক অংশ। সেখানেও কিছু শ্রমিক আটকে পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও কীভাবে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর দপ্তর। মৃতদের পরিবার ও আহতদের আর্থিক সহায়তার নির্দেশ দেওয়া হয়েছে। সোশাল মিডিয়ায় লেখা হয়েছে, ‘মহারাষ্ট্রের নাগপুরে কারখানায় বিস্ফোরণের ঘটনাটি গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হবে।’

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.