Drones intercepted

ব্ল্যাকআউট জম্মু থেকে জয়সলমেঢ়, দেশের ২৬ জায়গায় ড্রোন হামলার ব্যর্থ চেষ্টা পাকিস্তানের

ব্ল্যাকআউট করা হয়েছে জম্মু, রাজস্থানের জয়সলমেঢ়ের মতো একাধিক জায়গায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৫, ০১:৩০

options
link
ব্ল্যাকআউট জম্মু থেকে জয়সলমেঢ়, দেশের ২৬ জায়গায় ড্রোন হামলার ব্যর্থ চেষ্টা পাকিস্তানের
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত নামতেই ফের জম্মু ও পাঞ্জাবের একাধিক জায়গায় ভারী গোলাবর্ষণ ও ড্রোন হামলা শুরু করল পাকিস্তান। পালটা পাকিস্তানের হামলা ব্যর্থ করতে সক্রিয় হয়ে উঠল ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। জানা যাচ্ছে, জম্মু, পাঞ্জাব, রাজস্থানের একাধিক জায়গায় হামলা চালানো পাক ড্রোন ধ্বংস করে দেওয়া হয়েছে ভারতের তরফে। দেশের ২৬ জায়গায় ড্রোন হামলার ব্যর্থ চেষ্টা চালায় পাকিস্তান।

Advertisement

গত বৃহস্পতিবার রাতেও একই কায়দায় হামলা চালিয়েছিল পাকিস্তান। রাত নামতেই সীমান্ত পেরিয়ে ভারতের দিকে ছুটে আসে ড্রোন। শুক্রবারও তার ব্যতিক্রম হয়নি। পাক হামলার জেরে ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে জম্মুকে। ব্ল্যাকআউট করা হয়েছে রাজস্থানের জয়সলমেঢ়ে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে সীমান্তবর্তী রাজ্যগুলিতে। পাক ড্রোন ধ্বংস করা হয়েছে জম্মুর নাগরোয়া, জম্মু ও সাম্বায়। পাঞ্জাবের পাঠানকোট, অমৃতসর, রাজস্থানে বাড়মেঢ়েও দেখা গিয়েছে ড্রোন। রাজস্থানের জয়সলমেঢ় ও পোখরানে ছোটখাটো বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। গুলি করে নামানো হয়েছে একাধিক ড্রোন। পাক ড্রোন হামলায় পাঞ্জাবের ফিরোজপুরে তিন জন আহত হয়েছেন বলে জানা গিয়েছ। চিকিৎসার জন্য তাঁদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

Advertisement

যুদ্ধের আবহে দিল্লিতে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা যাচ্ছে, বৈঠকে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশমন্ত্রী এস জয়শংকর, সিডিএস অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধান। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সাধারণ মানুষকে বাড়ি থেকে বেরোতে নিষেধ করেছেন। পাশাপাশি সোশাল মিডিয়ায় বিস্ফোরণের শব্দ শোনার দাবি করেছেন তিনি। জম্মুর একাধিক জায়গায় নিয়ন্ত্রণরেখার ওপার থেকে ব্যপক গুলি বর্ষণের খবর পাওয়া গিয়েছে। পালটা জবাব দিয়েছে ভারতও।

Advertisement

যুদ্ধের আবহে বিমানবন্দর বন্ধ রাখার সময়সীমা বাড়ানো হয়েছে। চণ্ডীগড়, শ্রীনগর, অমৃতসর, লুধিয়ানা, সিমলা, জয়সলমের, পাঠানকোট, জম্মু, বিকানের, লেহ, পোরবন্দর-সহ মোট ৩২টি বিমানবন্দর আগামী ১৫ মে ভোর সাড়ে ৫টা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.