সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটির কাছে কয়েকটি গ্রামে লুকিয়ে আছে পাক জঙ্গিরা৷ গ্রামগুলিতে গা-ঢাকা দিয়ে তারা ফের হামলার জন্য তৈরি হচ্ছে৷ যে কোনও সময় তারা হামলা চালাতে পারে বায়ুসেনা ঘাঁটিতে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সংসদীয় স্ট্যান্ডিং কমিটি আজ এক বিবৃতিতে এই কথা জানিয়েছে৷ কমিটির চেয়ারম্যান তথা কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য মঙ্গলবার ওই বিবৃতিতে জানিয়েছেন, পাঠানকোটে গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে সরকারকে বিস্তারিত রিপোর্ট দেওয়া হয়েছে৷ সীমান্তের গ্রামগুলিতে জঙ্গিরা আশ্রয় নিচ্ছে৷ রেইকি করে যাচ্ছে৷ যে কোনও সময় পাঠানকোটের মতো বড়সড় হামলা হতে পারে৷ অনেক গ্রামবাসী আমাদের পরিদর্শনকারী দলকে জানিয়েছেন যে, বেশ কয়েকটি গ্রামে পাকিস্তানি জঙ্গিরা এখনও গা-ঢাকা দিয়ে রয়েছে৷ তাঁরা শঙ্কিত বায়ুসেনা ঘাঁটিতে হামলা হতে পারে বা গ্রামবাসীদেরও জঙ্গিরা টার্গেট করতে পারে৷
রাজ্যসভার সাংসদ প্রদীপবাবু জানান, আপনারা কি জানেন সীমান্তের গ্রামগুলিতে জঙ্গিরা লুকিয়ে আছে বলে কয়েকদিন আগে গোয়েন্দা সূত্রে খবর পায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ সঙ্গে সঙ্গে বিএসএফ, সিআরপিএফ ও সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়, পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটির নিরাপত্তা বাড়িয়ে দিতে৷ তারপরই সেখানে এমন নিশিছদ্র নিরাপত্তার আয়োজন করা হয়েছে যাতে মাছিও গলতে না পারে৷
প্রদীপবাবু বলেন, আমরা পরিস্থিতি পরিদর্শন করে সুপারিশ করতে পারি মাত্র৷ কিন্তু সিদ্ধান্ত নেওয়া বা তা কার্যকর করা সরকারের হাতে৷ তাই পাঠানকোটে জঙ্গি হামলার তদন্ত করতে পাকিস্তানি প্রতিনিধিদলকে বায়ুসেনা ক্যাম্পাসে ঢুকতে দেওয়ার ঘোরতর বিরোধী সংসদীয় স্ট্যান্ডিং কমিটি৷ এতে বায়ুসেনা ঘাঁটির নিরাপত্তা আরও দুর্বল ও বেআব্রু হয়ে পড়ে৷ কমিটি সদ্য ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছে৷ সেখানে অনেক ত্রুটি-বিচ্যুতি ও ফাঁকফোকর আছে৷ এখন কমিটি জম্মু ও কাশ্মীর সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছে৷
এদিকে, জঙ্গি দমন অভিযানে বড় সাফল্য পেল জম্মু ও কাশ্মীর পুলিশ৷ কুপওয়ারা জেলার সোগাম এলাকা থেকে সোমবার সন্ধেয় পুলিশের জালে ধরা পড়ে মোস্ট ওয়ান্টেড লস্কর-ই-তৈবা কমান্ডার আবু উকাশা ওরফে হানজুল্লা৷ আবু বকর নামে এক লস্কর জঙ্গিকে ধরতে অভিযান চালানোর সময়ই সে ধরা পড়ে৷ পাকিস্তানের বাসিন্দা উকাশাকে জেরা করছে পুলিশ ও সেনাবাহিনী৷ সে কাশ্মীরে জঙ্গিদের নেটওয়ার্ক নিয়ে অনেক খবর জানে বলে মনে করা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের
-
নিজেই নিজেকে গুনবেন! রাজ্যে স্ব-গণনায় বিশেষ পোর্টাল খুলে বড় পদক্ষেপ কেন্দ্রের
-
বাম আমলে ‘খুন’, প্রতিজ্ঞা পূরণ করে ৩৪ বছর পর বিজেপিকর্মী বাবার শ্রাদ্ধানুষ্ঠান করলেন ছেলেরা
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারে অভিযান শুরু অধিনায়ক শ্রেয়সের, বৈভবকে না খেলিয়েই ভুগল ভারত!