Sonam Wangchuk

সোমেই অনশন প্রত্যাহার সোনমের! দু’টি শর্তের কথা জানালেন স্ত্রী

যন্তরমন্তর থেকে তুলে এনে সোনম ওয়াংচুককে শনিবার সফদরজং হাসপাতালে ভর্তি করেছে দিল্লি পুলিশ। কিন্তু এখনও তাঁর অনশন ভাঙানো যায়নি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৯, ২০২৬, ২২:০২

options
link
সোমেই অনশন প্রত্যাহার সোনমের! দু’টি শর্তের কথা জানালেন স্ত্রী
ফাইল ছবি।

অবশেষে অনশন প্রত্যাহারে রাজি পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। দেশের রাজনীতিবিদরা দুটি শর্ত মানলেই সোনম অনশন প্রত্যাহারে রাজি। কী শর্ত? এক, সংসদের যে বাদল অধিবেশন হচ্ছে, সেটাতে মূল ফোকাস থাকবে শিক্ষাব্যবস্থায় দায়বদ্ধতা বাড়ানো। এবং দুই, রাজনৈতিক নেতারা তাঁর সঙ্গে দিল্লির সফদরজং হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে, সংসদে নিট কেলেঙ্কারি নিয়ে আলোচনার ব্যাপারে আশ্বাস দিয়ে যাবেন।

Advertisement

যন্তরমন্তর থেকে তুলে এনে সোনম ওয়াংচুককে শনিবার সফদরজং হাসপাতালে ভর্তি করেছে দিল্লি পুলিশ। কিন্তু এখনও তাঁর অনশন ভাঙানো যায়নি। তাঁর স্ত্রী গীতাঞ্জলী আঙ্গমো দাবি করেছেন, হাসপাতালে চিকিৎসকরা তাঁকে খাদ্যগ্রহণের জন্য চাপ দিলেও সোনম এখনও তরল খাবারও গ্রহণ করেননি। তবে সোমবার সংসদের বাদল অধিবেশন শুরুর প্রথম দিন তিনি অনশন প্রত্যাহার করতে পারেন।

Advertisement

কী সেই শর্ত? সোনমের স্ত্রী গীতাঞ্জলী আঙ্গমো বলেছেন, “সংসদের বাদল অধিবেশনে যদি শিক্ষাব্যবস্থায় দায়বদ্ধতা বাড়ানোর দিকে ফোকাস করা হয়। এবং রাজনৈতিক দলের নেতারা সফদরজং হাসপাতালে এসে তাঁকে নিশ্চিত করেন, যে এই ইস্যুটি সংসদে তোলার ব্যাপারে আশ্বাস দেন, তাহলে তিনি অনশন প্রত্যাহার করবেন।” বস্তুত এতদিন সোনম যে দাবিগুলি নিয়ে অনশন করছিলেন, সেগুলির মধ্যে নিটে স্বচ্ছ্বতার দাবি যেমন ছিল, তেমন ছিল শিক্ষাব্যবস্থায় দায়বদ্ধতা আনার দাবি। কিন্তু তাঁর সবচেয়ে বড় দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। তবে সেই দাবি থেকে এবার তিনি সরে এলেন।

Advertisement

সোনম যন্তরমন্তরে ২০ দিন টানা অনশন করেছেন। অথচ কেন্দ্রের তরফে এই প্রায় ৩ সপ্তাহেও সেভাবে সাড়া মেলেনি। এমনকী ন্যূনতম আলোচনাতেও ডাকা হয়নি। এখন রাতারাতি শাসক শিবিরের কেউ গিয়ে তাঁর সঙ্গে আলোচনায় বসবেন সেটা প্রত্যাশা না করাই ভালো। তবে বিরোধী শিবিরের অনেকেই সোনমের সঙ্গে দেখা করেছেন। এখন দেখার সোমবার কেউ তাঁর সঙ্গে সাক্ষাৎ করে সংসদে ইস্যুটি তোলার আশ্বাস দেন কিনা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.