Delhi

গতির বলি ডেলিভারি রাইডার, মধ্যরাতে স্কুটারকে পিষে দিল মদ্যপ চালক!

পালাতে চেষ্টা করলেও অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১৪:২৮

options
link
গতির বলি ডেলিভারি রাইডার, মধ্যরাতে স্কুটারকে পিষে দিল মদ্যপ চালক!

২৫ বছরের এক ডেলিভারি রাইডারের মর্মান্তিক মৃত্যু হল দিল্লিতে (Delhi)। জানা গিয়েছে, শুক্রবার মধ্যরাতে হেম শকর নামের ওই ডেলিভারি রাইডারের স্কুটিকে পিষে দেয় একটি ‘গতিদানব’ গাড়ি। চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলেই দাবি। তাঁকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

জানা গিয়েছে, পশ্চিম দিল্লির সুভাষনগর মেট্রো স্টেশনের কাছাকাছি অঞ্চলে রাত ৩টে ২৬ নাগাদ ওই দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ইলেকট্রিক স্কুটিকে পিছন থেকে ধাক্কা দেয় গাড়িটি। খবর পেয়ে দ্রুত এলাকায় উপস্থিত হয় পুলিশ। আহত যুবককে উদ্ধার করে নিকটবর্তী দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তিনি জেপ্টো ডেলিভারি এগজিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন বলে জানা যাচ্ছে।

Advertisement

অভিযুক্তের নাম মোহিত কুমার। তিনি নজফগড়ের বাসিন্দা। পেশায় একজন কনট্রাক্টর। মদ্যপ অবস্থাতেই তিনি গাড়ি চালাচ্ছিলেন বলে মনে করা হচ্ছে। এমনকী দুর্ঘটনার পর দ্রুত পালাতে চেষ্টাও করেন তিনি। কিন্তু স্থানীয়রা দ্রুত পুলিশে খবর দেন। এরপর ঘটনাস্থল থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে শুরু হয়েছে তদন্ত। দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তদন্তকারীরা জানিয়েছেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.